Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসসের) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)। তিনি বর্তমানে দেশ রূপান্তর পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সাংবাদিক কামাল উদ্দিন সবুজকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হলো।

কামাল উদ্দিন সবুজ এক সময় বাসসের বার্তা সম্পাদক ছিলেন। তিনি জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

অন্তর্বর্তী সরকারের সময় বাসসের এমডি পদে নিয়োগ পাওয়া মাহবুব মোর্শেদ বর্তমান সরকার ক্ষমতায় আসার পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মীদের বিক্ষোভের মুখে অফিস ছেড়ে যান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তা তদন্তে কমিটি করে তথ্য মন্ত্রণালয়। পরে পদত্যাগ করেন মাহবুব মোর্শেদ। এরপর ১ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।

মাহবুব মোর্শেদ ১৮ ফেব্রুয়ারি অফিস ছেড়ে যাওয়ার পর থেকে বাসসের এ পদ খালি ছিল।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৮ এপ্রিল ২০২৬/এএ


Array