Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা ২৬৩ জনে পৌঁছেছে বলে জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

বুধবার ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল-নাজ্জার নিহত হওয়ার পর এই সংখ্যা ২৬৩-এ দাঁড়ায়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস।

বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা, হত্যা এবং পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তোলা হয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি।

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, আরব সাংবাদিক ফেডারেশনসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম সংগঠনকে গাজায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে সংঘটিত এসব কর্মকাণ্ডের নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

একই সঙ্গে এসব ঘটনার আন্তর্জাতিকভাবে তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ অক্টোবর ২০২৬/এএ


Array