প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: যদিও সময়টা শরত্কাল। তবে প্রকৃতিতে বর্ষা ও গ্রীষ্মের মতো একটা যুদ্ধ চলছে। এই বৃষ্টি তো এই রোদ। একই দিনে দুই ধরনের আবহাওয়ার শিকার হতে হচ্ছে। কখনো বা ঘামে ভিজে যাচ্ছে শরীর। কখনো বা বৃষ্টির পানিতে। প্রকৃতির এরূপ আচরণ অনুমান করাও অসম্ভব।প্রকৃতির এই অবস্থাতে অনেক ধরনের সমস্যার শিকার হতে হচ্ছে মানুষের। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন বাইরে বের হওয়া কর্মজীবী মানুষজন আর সেই সমস্যাগুলো সবচেয়ে বেশি যাচ্ছে শরীরের ওপর দিয়ে।
প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণের জন্য অবশ্যই পোশাককে সহজ করতে হবে। এছাড়া আর কিছুই করার নেই। পোশাকে কীভাবে সহজ করা যায় এটা একটা বড় প্রশ্ন হতে পারে মূলত এমন পোশাক পরতে হবে যেসবের মাধ্যমে খুব সহজেই কাপড়ের ভিতর দিয়ে বাতাস প্রবেশ করতে পারে। কাপড় খুব সহজে শুকিয়ে যেতে পারে। এছাড়াও খুব সহজে কিংবা প্রতিদিন ধোয়া যায় এমন কাপড় ব্যবহার করা যেতে পারে। তবে সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কাপড়গুলো যাতে টেকসই হয়।
জামার ক্ষেত্রে সুতি কিংবা পলেস্টার কাপড় এই সময়ের জন্য উপযুক্ত। কারণ এই কাপড়গুলি সহজেই ধুয়ে ফেলা যায় এবং সহজে শুকানো যায়। পলেস্টার কাপড়ের ক্ষেত্রে গরম লাগার সম্ভাবনা থাকে। তবে সেই গরমটা সহনীয়।পায়জামা কিংবা সালোয়ার চেষ্টা করতে হবে একটু সিল্ক বা কটন এই ধরনের কাপড় নেওয়ার। যাতে করে কাদামাটি লাগলে সহজে সেই দাগ তুলে ফেলা যায়। অবশ্যই পরে যাতে আরাম লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। তবে এই সময়ে জিন্স পোশাকটা এড়িয়ে যাওয়াই ভালো।
এই সময় উপযুক্ত পোশাক হতে পারে সালোয়ার কামিজ কিংবা কর্ড সেট। সালোয়ার কামিজ অফিসে কিংবা ইউনিভার্সিটিতে অথবা যেকোনো জায়গায় কোনো ইভেন্ট অ্যাটেন্ড করার জন্য একটি সুন্দর সাবলীল সহজ পোশাক। এই সময়ে খুব হালকা রঙের পোশাক পরিধান না করাই ভালো যেকোনো সময় দাগ লেগে পোশাক নষ্ট হয়ে যাওয়া সম্ভাবনা থাকে এবং কিছু কিছু হালকা রং থেকে দাগ উঠতে চায় না।
বর্তমান সময়ে ফ্যাশনে বহুল আলোচিত একটি পোশাকের নাম কর্ড সেট। এই বছরের সবচেয়ে জনপ্রিয় একটি পোশাক। কমবেশি সকলেরই এ পোশাকটি রয়েছে এবং অনেকে এ পোশাকে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। পোশাকটির ধরন হলো জামা এবং সালোয়ার দুইটা একই প্রিন্ট বা একই কালারের থাকবে। ডিজাইনে থাকবে ভিন্নতা এবং এই ফিউশনটা প্রতিটা মানুষকে এক ধরনের অ্যাথনিক লুক দিয়ে থাকে। পোশাকটা পরতে যেমন সহজ, আরামের এবং সহজেই ধোয়া যায়। তবে এই পোশাকের সবচেয়ে জনপ্রিয় কাপড়গুলোর মধ্যে রয়েছে জর্জেট কাপড় এবং সুতি কাপড়। জর্জেট বর্ষার জন্য একটা উপযুক্ত কাপড়।
পোশাক অবশ্যই হতে হবে প্রকৃতি এবং পরিস্থিতির সাথে মানানসই। নিজেকে কষ্ট দিয়ে কিংবা অস্বাচ্ছন্দ্য বোধ করে ফ্যাশন করার কোনো মানে নেই। এতে করে সৌন্দর্য বৃদ্ধি পাবার বদলে হ্রাস পাবে।
প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ১০ অক্টোবর ২০২৩ /এমএম





