Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলেও জানান সেতুমন্ত্রী।আজ রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে এ তথ্য জানান তিনি।সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ আগামী ২০ অক্টোবর উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে ওইদিন বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাড়ে ১১ কিলোমিটার কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত খুলে দেওয়া হবে। এ উপলক্ষে বাণিজ্যমেলার পুরাতন মাঠ সুধী সমাবেশ করা হবে। আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে টানেলের অপরপ্রান্তে আনোয়ারায় সুধী সমাবেশ হবে।

সেতুমন্ত্রী জানান, ১৬ সেপ্টেম্বর এমআরটি লাইন ৫ নর্দান রোডের নির্মাণকাজের উদ্বোধন, এ উপলক্ষে সাভারে সুধী সমাবেশ হবে। ২২ অক্টোবর নবনির্মিত সড়ক ভবন থেকে ১৪০টি সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে উদ্বোধন করা হবে ১২টি ওভারপাস। এছাড়াও যানবাহনের ফিটনেস ভেহিকেল ইন্সপেকশন সেন্টার (ভিওসি) উদ্বোধন করা হবে।সড়ক ভবনে থেকে ভার্চ্যুয়ালি এসব উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২০ আগস্ট ২০২৩ /এমএম

 


Array