প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে বিয়ের পর থেকে অভিনয়ে অনিয়মিত বলিউড সুন্দরী আনুশকা শর্মা। এরপর তিনি কন্যাসন্তানের মা হলেন। সব মিলিয়ে তিন বছর পর্দায় তার দেখা নেই।অবশেষে ফিরছেন আনুশকা। তাও আবার ক্রিকেটার হয়ে। পর্দায় তাকে দেখা যাবে একজন ফাস্ট বোলারের চরিত্রে।বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় এ কথা আনুশকাই জানিয়েছেন। ভারতীয় নারী ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিকে নাম ভূমিকায় থাকছেন তিনি। ছবির নাম ‘চাকদা এক্সপ্রেস’।
এই ছবি পরিচালনা করবেন প্রসিত রায়। কিছুদিন আগে শোনা গিয়েছিল, আনুশকা শর্মা ছবিটির প্রযোজক হিসেবে থাকলেও এখানে তিনি অভিনয় করবেন না। কিন্তু বৃহস্পতিবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে সব জল্পনায় জল ঢেলে দিলেন বিরাট-পত্নী।২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল আনুশকার শেষ ছবি ‘জিরো’। এরপর থেকেই তিনি লাইট-ক্যামেরা থেকে দূরে। গত বছরের জানুয়ারিতে মেয়ের মা হন ‘রব নে বানাদি জোড়ি’ তারকা। অবশেষে মেয়েকে সামলে লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় ফেরার পালা নায়িকার।
আনুষ্ঠানিক বিবৃতিতে আনুশকা জানিয়েছেন, ‘এই ছবিটা খুব স্পেশ্যাল, কারণ এটা আত্মত্যাগের গল্প বলবে। এই ছবি ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলক গোস্বামীর জীবন কাহিনি দ্বারা অনুপ্রাণিত। নারী ক্রিকেট নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে এই ছবি।যখন ঝুলন গোস্বামী ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তখন নারীদের জন্য স্পোর্টসের দুনিয়ায় পা রাখাটাই ছিল বড় চ্যালেঞ্জ। এই ছবিতে এমন অনেক গল্প উঠে আসবে, যা ঝুলনের জীবনকে এবং নারী ক্রিকেটকে একটা দিশা দেখিয়েছে’।প্রসিত রায়ের পরিচালনায় ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিং শিগগিরই শুরু হবে বলে জানান আনুশকা। এই ছবি প্রযোজনার দায়িত্বে থাকছেন অভিনেত্রীর ভাই কার্নিশ শর্মা। নির্মাণের পর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সরাসরি মুক্তি পাবে ছবিটি।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ জানুয়ারি ২০২২ /এমএম





