Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ নিজের পানভেলের ফার্ম হাউজে গিয়ে সাপের কামড় খেলেন বলিউড সুপারস্টার সালমান খান। রবিবার ভোরে এই ঘটনা ঘটে। সাপে কামড়ানোর পর অভিনেতাকে নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে। এই খবর ছড়িয়ে পড়ার পর চিন্তায় ঘুম ছুটেছে সালমান-ভক্তদের। এখন কেমন আছেন তিনি?

তবে চিন্তার কোনো কারণ নেই। চিকিৎসা দিয়ে সকাল ৯টার দিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে সালমান খানকে। তিনি এখন সুস্থ। কারণ, অভিনেতাকে যে সাপে কামড়েছে, সেটি তেমন বিষাক্ত ছিল না। তাই প্রাথমিক চিকিৎসার পরই তাকে ছেড়ে দেয়া হয়। আপাতত ফার্ম হাউজে বিশ্রামে আছেন অভিনেতা।

সময় পেলেই পানভেলের এই ফার্ম হাউসে চলে যান সালমান খান। এমনকী, পরপর দুইবার করোনার জন্য চলা লকডাউনেও এখানেই ছিলেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে শহুরে কোলাহল থেকে দূরে এই খামার বাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন ভাইজান। সেখানে পালিত পশুদের সঙ্গে সময় কাটানো, ক্ষেতে চাষ করার মতো কাজ করে থাকেন তিনি।এবার বড়দিন উপলক্ষে ওই ফার্ম হাউজে গিয়েছিলেন বলিউড সুপারস্টার। সেখানেই রবিবার ভোরে সাপে কামড়ায় তাকে।

কাজের ক্ষেত্রে নতুন বছরে ‘টাইগার থ্রি’র শুটিংয়ে দিল্লি যাওয়ার কথা রয়েছে সালমানের। সঙ্গে যাবেন অভিনেতার সাবেক প্রেমিকা ও এই ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ। দিল্লিতে শুটিং হবে ১৫ দিন। এর মাঝে সেখানে হাজির হবেন আরেক সুপারস্টার শাহরুখ খানও। ঘনিষ্ঠ বন্ধু সালমানের ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করবেন কিং খান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array