Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  দুই দশকের দীর্ঘ অপেক্ষা শেষ। ইসরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করলেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। বলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।

রবিবার রাতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আয়োজকদের তরফ থেকে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-এর তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’।

হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছিলেন হারনাজ। হিরা খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই বিরল কীর্তিতে আবেগঘন হারনাজ। তার এই জয়ে গর্বিত গোটা দেশ।

১৯৯৪ সালে প্রথম ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন মিস ইন্ডিয়া সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। তারপর গত ২০ বছর ধরে ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালি থেকেছে। সেই অপেক্ষায় দাঁড়ি টানলেন হারনাজ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ ডিসেম্বর  ২০২১ /এমএম


Array