Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ ১১ বছর প্রেম করার পর অবশেষে প্রণয়সূত্রে আবদ্ধ হলেন বলিউড তারকা জুটি রাজকুমার রাও ও পত্রলেখা।সোমবার চণ্ডীগড়ে বেশ ঘটা করেই বিয়ের আয়োজন করা হয়। বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দাম্পত্য জীবন শুরুর প্রথম ছবি পোস্ট করে সবার আশীর্বাদ প্রার্থনা করেন। খবর হিন্দুস্তান টাইমসের।

লাল বেনারসিতে পত্র লিখলেন নববধূ পত্রলেখা— ‘আমার পরান ভরা ভালোবাসা আমি তোমায় সমর্পণ করিলাম’।বিয়ের সাজেও রইল প্রেমের প্রতিশ্রুতি। বিয়ের ওড়না ভরে প্রেমের পঙ্ক্তি বাংলা ভাষায় ফুটে উঠল রাজকুমার রাও-পত্রলেখার প্রেম। ‘পরান’ ভরা ভালোবাসার কথা বলতে বাঙালিকন্যা ধার করলেন তারই মাতৃভাষা।

চণ্ডীগড়ের আকাশ মাতিয়ে সানাই বেজেছে সোমবার। বলিউডের দুই তারকা শিল্পীর বিয়ে বলে কথা।কিছু দিন আগেই হাঁটু মুড়ে বসে নতুন করে হবু স্ত্রীকে প্রেম নিবেদন করেছিলেন ‘নিউটন’। সোমবার বিয়ে সেরে ফেললেন দুই তারকা। পত্রলেখার ১১ বছরের ‘প্রেমিক’ এবার ‘স্বামী’ হলেন। সেই আনন্দে ইনস্টাগ্রামে প্রেমপত্রও লিখে ফেলেছেন নতুন বর।

বিয়ে সেরেই রাজকুমার লিখলেন, ‘১১ বছরের প্রেম, বন্ধুত্ব, ভালোবাসা ও আনন্দের পর আজ আমার দুনিয়ার সঙ্গে সাতপাক ঘুরলাম। তোমার স্বামীর তকমা পাওয়ার থেকে বেশি আনন্দ আর কিছুতেই নেই।’সাদা শেরওয়ানি, লাল পাগড়িতে বর। লাল বেনারসিতে কনে। নতুন তারকা-দম্পতির ছবিতে সয়লাব ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটার।কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে— হরিয়ানার রাজকুমার কি বাংলায় লেখা সেই প্রেমপত্র পড়তে পারলেন? নাকি পত্রলেখা তার পত্রের অর্থ বুঝিয়ে দিয়েছেন স্বামীকে?

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৬ নভেম্বর  ২০২১ /এমএম


Array