প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের আলোচিত ও বিতর্কিত চিত্রনায়িকা পরীমনি অভিনীত ও মুক্তি প্রতিক্ষীত পরবর্তী সিনেমা ‘মুখোশ’। পরিচালক ইফতেখার শুভ। এটি নির্মিত হয়েছে নির্মাতা শুভরই ‘পেইজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে। এখানে পরীমনির বিপরীতে আছেন জিয়াউল রোশান। আরও আছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
স্বাভাবিক কারণেই দর্শকদের আগ্রহের শীর্ষে তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’। পরীমনি যে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এ খবর সবারই জানা। টানা এক মাস তার পক্ষে-বিপক্ষে উত্তাল ছিল দেশের নেটমাধ্যম। নানা জটিলতার পর জামিনে মুক্তি পান তিনি। দ্রুত অভিনয়েও ফেরেন। কারামুক্তির পর পরীমনির প্রথম কাজ এই ‘মুখোশ’ সিনেমাটির ডাবিং।
এই সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত। করোনা মহামারির কারণে এর শুটিংসহ অন্যান্য কাজ ধীর গতিতে সম্পন্ন হয়েছে। তবে এবার দ্রুত মুক্তির পথে। পরিচালক ইফতেখার শুভ গণমাধ্যমকে জানিয়েছেন, ১৫ নভেম্বর প্রকাশ হতে চলেছেন তার সিনেমার প্রথম ঝলক।
এদিকে, জীবনে বিপর্যয় এলেও হু হু করে বেড়েছে বিতর্কিত নায়িকা পরীমনির জনপ্রিয়তা। যার কারণে তার পরবর্তী সিনেমাগুলো মুক্তির আগেই তুমুল প্রচার পাচ্ছে। ‘মুখোশ’ও তাই। এ সিনেমার পরিবেশনার দায়িত্ব নিয়েছে দেশের নামকরা প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন। এই প্রথম নিজেদের সিনেমা বাদে অন্য সংস্থার চলচ্চিত্র পরিবেশনার দায়িত্ব নিয়েছে তারা।
এ প্রসঙ্গে কপ ক্রিয়েশনের কর্ণধার পুলিশ কর্মকর্তা সানী সানোয়ার বলেছেন, ‘ভালো সিনেমার সঠিক পরিবেশনাই আমাদের লক্ষ্য। এ বিষয়ে পেশাদার দল তৈরি করেছি আমরা। মুখোশকে আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। আশা করি, সিনেমাটি ভালো ফলাফল পাবে।’অন্যদিকে, পরিচালক ইফতেখার শুভ জানিয়েছেন, ‘কপ ক্রিয়েশনের মতো বড় প্রোডাকশন হাউস যে ‘মুখোশ’ পরিবেশনার দায়িত্ব নিয়েছে, তা আমার জন্য খুব আনন্দের।’
সিনেমা ব্যবসার মন্দা ভাব কাটিয়ে সুদিন ফিরিয়ে আনার জন্যই কি অন্য প্রযোজক ও পরিচালকের সিনেমার স্বার্থে এগিয়ে আসছে এই সংস্থা? নাকি সিনেমার নায়িকা পরীমনির বর্তমান জনপ্রিয়তাই আসল বিষয়? এমন প্রশ্ন উঠেছে নানা মহলে। উত্তর অজানা।
প্রসঙ্গত, এই সিনেমার মাধ্যমে পরীমনির বিপরীতে প্রথমবার অভিনয় করছেন নায়ক জিয়াউল রোশান। পরীর সঙ্গে একই সিনেমায় মোশাররফ করিমও এই প্রথম। এছাড়া সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও দেখা যাবে ইরেশ যাকের, প্রাণ রায়, ফারুক আহমেদ ও তারেক স্বপনের মতো তারকাদের।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৩ নভেম্বর ২০২১ /এমএম





