প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ‘বিগ বস ১৫’-এর সফর শুরু হয়ে গেছে। যথারীতি আরও একবার সঞ্চালকের ভূমিকায় বলিউড সুপারস্টার সালমান খান। সম্প্রতি এই শো-এর গ্র্যান্ড প্রিমিয়ারে হাজির হয়েছিলেন আরেক তারকা রণবীর সিং। কালার্স টিভিতে শিগগিরই ‘দ্য বিগ পিকচার’ নামে এক কুইজ শো নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। তারই প্রচারে ‘বিগ বস’-এ হাজির হয়েছিলেন।
সেখানে ক্ষণিকের উপস্থিতিতেই বাজিমাত করেন দীপিকা পাড়ুকোনের জীবনসঙ্গী রণবীর সিং। এমনকি সালমান খানকে রীতিমতো নিজের প্রশ্নবাণে বিদ্ধও করেন। ভাইজানের কাছে তিনি প্রশ্ন রেখেছিলেন, ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে তার গার্লফ্রেন্ডের নাম কী ছিল?’
এই প্রশ্নের জবাবে সালমান বলেন, ‘আমি নিজের প্রেমিকাদের নামই মনে রাখতে পারি না, আর তুমি জানতে চাইছো বজরঙ্গি ভাইজানের প্রেমিকার নাম!’ এরপর মাথা চুলকে সালমানের মনে পড়ে, বজরঙ্গি তার প্রেমিকাকে ‘ম্যাডামজি’ বলে সম্বোধন করতেন।
শত চেষ্টা করেও বজরঙ্গি ভাইজানের প্রেমিকার নাম মনে পড়েনি সালমানের। এই ঘটনায় ক্যামেরার দিকে তাকিয়ে ওই ছবির অভিনেত্রী কারিনা কাপুরের কাছে ক্ষমা চেয়ে নেন সালমান খান। বলিউড তারকা বলেন, ‘ইশ, সরি কারিনা, কিন্তু দেখো আমি তোমার নামটা কিন্তু মনে রেখেছি’।
পরিচালক কবীর খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমানের নায়িকা ছিলেন কারিনা কাপুর খান। তার চরিত্রের নাম ছিল রসিকা। রণবীর সালমানের সামনে অপশন রাখার পর কয়েক সেকেন্ডের মধ্যেই সঠিক জবাব দেন তারকা।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ অক্টোবর ২০২১ /এমএম





