Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  নতুন ছবি ‘হৃদিতা’র কাজ শেষ করলেন এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরি। আনিসুল হকের লেখা ‘হৃদিতা’ উপন্যাস অবলম্বনে একই নামে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন পরিচালক যুগল ইস্পাহানি আরিফ জাহান। এখানে পূজার বিপরীতে আছেন এবিএম সুমন। প্রথমবার জুটি বেঁধেছেন তারা।

গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ‘হৃদিতা’র শেষ অংশের শুটিং হয়েছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। সেখানে অংশ নেন সিনেমাটির প্রধান চরিত্র পূজা চেরি। নায়িকার সঙ্গে তার মাও সেখানে গিয়েছেন। টাঙ্গুয়ার হাওরে শুটিংয়ের একটি দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে।

ওই ছবিতে দেখা যায়, মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ জলের ধারা মিশে গেছে টাঙ্গুয়ার সুবিস্তৃত হাওরে। সেই জলধারা বর্ষাশেষের দুপুরে যেন পুরো যৌবন পেয়েছে। সেই জলে ইঞ্জিন চালিত ট্রলারের বসে পূজা। পরনে সাদা শাড়ি ও সাদা ব্লাউজ। অভিনেত্রীর দৃষ্টি দূর দিগন্তে।

এ প্রসঙ্গে পূজা চেরি বলেন, ‘এমন সৌন্দর্যে অনেকদিন হারাইনি। এমন সুন্দর জায়গা দেখেই নিজের ভেতরে প্রশান্তি চলে এসেছে। গানের শুটিংয়ে এখানে এলেও মনে হচ্ছে পিকনিকে এসেছি। শুটিংয়ের ফাঁকে উপভোগ করেছি সময়টা, জায়গাটা।’ পূজার সঙ্গে তা মাও হাওরের সৌন্দর্য উপভোগ করছেন বলে জানান নায়িকা।

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পায় ‘হৃদিতা’। পরিচালকদ্বয় ইস্পাহানি আরিফ জাহান বলেন, ‘হৃদিতার শুটিং শেষ। বাকি ছিল একটি গানের শুটিং। সেটির কাজেই টাঙ্গুয়ার হাওরে আসা। গানের শুটিংও শেষ।’

এদিকে হাওর থেকে ফিরে আরেক অনুদানের ছবি ‘গলুই’-এর কাজ শুরু করবেন পূজা। এস এ হক অলিক পরিচালিত এ ছবিতে তার নায়ক শাকিব খান। ঢালিউডের এই শীর্ষ নায়কের সঙ্গেও প্রথমবার জুটি বাঁধতে চলেছেন পূজা। এই ছবিটি ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ সেপ্টেম্বর  ২০২১ /এমএম


Array