প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ২০১৯ সালের জানুয়ারির ঘটনা। গোপনে বিয়ে করা প্রথম স্বামী ভিক্টর ঘোষকে ডিভোর্স দিতে চাইছিলেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। কারণ, নায়িকা সে সময় দিল্লির ব্যবসায়ী নিখিল জৈনের প্রেমে মত্ত। তবে মাগনা মাগনা নুসরাতকে ডিভোর্স দিতে রাজি ছিলেন না ভিক্টর। তিনি মোটা অংকের টাকা দাবি করেন। অবশেষে সেই দাবি মেনেই আদালতের মাধ্যমে ভিক্টরের থেকে ডিভোর্স পেয়েছিলেন নুসরাত।
টলিউডের আরেক জনপ্রিয় ও সুন্দরী নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বেলায়ও বোধহয় একই ঘটনা ঘটতে চলেছে। এমনটাই গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। প্রায় এক বছর ধরে এই অভিনেত্রী তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের থেকে আলাদা থাকছেন। কয়েক মাস আগে তিনি আদালতে ডিভোর্সের আবেদনও করেছেন। কিন্তু রোশন সিং চাইছেন এই বিবাহবিচ্ছেদ। শ্রাবন্তীকে ফেরাতে তিনি পাল্টা আবেদন করেছেন।
গত মাসে এই আবেদনের শুনানিও হয়েছেন আদালতে। কিন্তু সেখানে রোশন হাজির থাকলেও দেখা মেলেনি শ্রাবন্তীর। যার কারণে আদালত সে সময় নতুন আরেকটি তারিখ ধার্য করেছে। ওই তারিখে শ্রাবন্তী-রোশন দুজনকেই হাজির থাকতে বলা হয়েছে। তার আগেই টলিউডে গুঞ্জন, বিপুল টাকার বিনিময়ে শ্রাবন্তীকে ডিভোর্স দিতে রাজি আছেন রোশন। এ যেন নুসরাত জাহানের ঘটনারই পুনরাবৃত্তি।
তবে সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমন গুঞ্জনকে ‘বাজে কথা’ বলে উল্লেখ করেছেন রোশন সিং। তিনি বলেছেন, ‘সবাই ভাবে শ্রাবন্তী বড়লোক, আর আমার যেন কোনো টাকাই নেই। এটা একদম ভুল ধারণা। আমি বিয়েতে শ্রাবন্তীকে যে পরিমাণ গয়না দিয়েছি, সেই বিষয়ে কি কারও কোনো ধারণা আছে? কেউ তো তা জানেই না।’
এছাড়া একসঙ্গে থাকাকালীন শ্রাবন্তীর টাকা নয়ছয় করতেন রোশন- এমন গুঞ্জনও রয়েছে। এ প্রসঙ্গে রোশন বলেন, ‘যে যা পারছে লিখে যাচ্ছে। আসলে রোশনের নামে কী বলবে শ্রাবন্তী? কী দোষ দেবে? সে সব দিতে না পারায় এসব রটছে। শ্রাবন্তী তার পারিশ্রমিক সোজাসুজি ব্যাংক অ্যাকাউন্টে নিতো। একসময় আমি সেই অ্যাকাউন্টের দেখাশোনা করতাম। নোংরা মনোবৃত্তি হলে, যা করার আগেই করতাম। আমার এসব ভাবতেও ঘেন্না লাগে।’
গত বছরের সেপ্টেম্বর থেকে একে অন্যের থেকে আলাদা থাকছেন রোশন-শ্রাবন্তী। অথচ এই খবর নাকি এখনো তার পরিবারের কেউ জানেন না বলে সাক্ষাৎকারে দাবি করেন রোশন। তার কথায়, ‘পাঞ্জাবে আমার পরিবারে এখনো কেউ জানে না আমি আর শ্রাবন্তী আলাদা থাকি। আজও তারা শ্রাবন্তীর ছবিতে লাইক দেন। মিডিয়ার খবর ওদের কাছে যায়নি। জানাজানি হলে তাদের আমি কী জবাব দেবো, জানি না।’
রোশনের কাছ থেকে আলাদা হয়ে অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন বলে গুঞ্জন রয়েছে। এ প্রসঙ্গে রোশনের বক্তব্য, ‘আমি বুঝতে পারছিলাম শ্রাবন্তী স্পেস চাইছে। ভেবেছিলাম, কিছুদিন আলাদা থাকলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সেই স্পেসে যে অন্য কেউ চলে আসবে ভাবতে পারিনি।’ যদিও শ্রাবন্তী-অভিরূপকে এখনো একসঙ্গে দেখেননি বলেও জানান রোশন।
২০১৯ সালের শুরুর দিকে শ্রাবন্তীর ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংয়ের সঙ্গে তার পরিচয় হয়। কিছুদিন হাই হ্যালোর পর তারা একসঙ্গে ডিনার ডেটে যেতে শুরু করেন। এরপর ওই বছরেরই ১৯ জুন করেন বিয়ে। এটি শ্রাবন্তীর তৃতীয় বিয়ে। ২০০৩ সালে নায়িকা প্রথম বিয়ে করেন নির্মাতা রাজীব বিশ্বাসকে। ২০১১ সালে সে সংসার ভাঙার পর ২০১৫ সালে তিনি মডেল কৃষেণ ব্রজকে বিয়ে করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ আগস্ট ২০২১ /এমএম





