Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গত ৩ জুলাইয়ের সকালটা ছিল আমির খান-ভক্তদের অবাক হওয়ার দিন। এদিন হঠাৎই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিভোর্সের ঘোষণা দেন এই অভিনেতা ও তার সদ্য সাবেক স্ত্রী কিরণ রাও। তবে ডিভোর্সের ঘোষণা দেয়ার পাশাপাশি তারকা দম্পতি এও জানান, পথ আলাদা হলেও তারা সারাজীবন বন্ধু থাকবেন, একসঙ্গে কাজ করবেন, এমনকি সন্তানের দেখাশোনাও একসঙ্গে করবেন।

তবে ডিভোর্সের পরও বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখা এবং সন্তানদের দেখাশোনা করা দম্পতি শুধু আমির খান এবং কিরণ রাওই নন। বলিউডে এমন উদাহরণ আরও অনেক আছে, যারা স্বামী-স্ত্রীর সম্পর্ক কাগজে কলমে মিটিয়ে দিলেও মা-বাবার দায়িত্ব একসঙ্গে পালন করে চলেছেন হাসিমুখে। আসুন দেখে নেয়া যাক কারা আছেন সেই তালিকায়।

সাইফ আলি খান ও অমৃত সিং

পরিবারের অমতে গিয়েই ১৯৯১ সালে বয়সে বড় অমৃতা সিংকে বিয়ে করেছিলেন সাইফ আলি খান। এই দম্পতির দুই সন্তান, অভিনেত্রী সারা আলি খান ও ইব্রাহিম আলি খান। ২০০৪ সালে সাইফ-অমৃতার ডিভোর্স হয়ে যায়। কিন্তু দুই সন্তানের খাতিরে আজও তারা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। সন্তানদের বড় করেও তুলেছেন একসঙ্গে।

ছেলেমেয়েদের যেকোনো আর্থিক প্রয়োজন সবসময়ই মিটিয়েছেন সাইফ আলি খান। যদিও বর্তমানে তিনি অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন। এ সংসারেও অভিনেতার দুই সন্তান এবং দুটিই ছেলে। বড় ছেলের তৈমুর আলি খান এবং গত ফেব্রুয়ারিতে জন্ম নেয়া ছোট ছেলের নাম জেহ।

আরবাজ খান ও মালাইকা অরোরা

২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন সালমান খানের ভাই অভিনেতা-প্রযোজক আরবাজ খান এবং তার স্ত্রী আইটেম তারকা মালাইকা অরোরা। ব্যক্তিগত জীবনে দুজনই নতুন সঙ্গী বেছে নিয়েছেন। কিন্তু সন্তানের দায়িত্ব পালনে কোনো খামতি রাখছেন না।

ছেলের কাস্টডি মালাইকা পেলেও আরবাজও তার সবরকম দেখভাল করেন। ছেলেকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত থাকেন মা মালাইকা ও বাবা আরবাজ। তাদের বিরোধ যাতে সন্তানের কোনো ক্ষতি না করে, সেদিকে কড়া নজর মালাইকা ও আরবাজের।

হৃত্বিক রোশন ও সুজান খান

১৪ বছরের বিবাহিত জীবনকে খাতায় কলমে শেষ করলেও আজও হৃত্বিক রোশন এবং সুজান খান খুবই ভালো বন্ধু। দুই ছেলে রেহান ও হৃদানের জন্য আদর্শ কো-পেরেন্ট। ছেলেদের সঙ্গে নিয়ে লকডাউনে একসঙ্গে সময় কাটানো হোক বা পারিবারিক অনুষ্ঠানে সামিল হওয়া কিংবা ছুটিতে বেড়াতে যাওয়া- সব কিছুতেই পারফেক্ট জুটি হৃত্বিক রোশন ও সুজান।

রণবীর শোরে ও কঙ্কনা সেন শর্মা

২০১০ সালে বিয়ে করেন অভিনেতা রণবীর শোরে এবং অভিনেত্রী ও প্রযোজক কঙ্কনা সেন শর্মা। এক বছরের মাথায় জন্ম হয় তাদের ছেলে হারুনের। ২০১৫ সালে রণবীর ও কঙ্কনা ডিভোর্সের সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয় ২০২০ সালে। কিন্তু চলতি বছরের শুরুতে আবার একসঙ্গে এলেন রণবীর ও কঙ্কনা। ছেলের ১০ বছরের জন্মদিন উপলক্ষ্যে।

কঙ্কনা এবং রণবীর সবসময় চেষ্টা করে গেছেন তাদের ব্যক্তিগত সমস্যা যেন ছেলের মানসিক অস্থিরতার কারণ না হয়। তাই ডিভোর্সের পরও তারা বন্ধুত্বের সম্পর্ক বজায় রেখেছেন। ছেলের জন্যই তারা মাঝেমধ্যে একসঙ্গে সময়ও কাটান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১১ জুলাই ২০২১ /এমএম

 


Array