Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ আজ ২ জুলাই চিত্রনায়ক নিরব হোসেনের জন্মদিন। প্রতি বছর বিশেষ এই দিনে কাছের মানুষের থেকে নানা রকমের সারপ্রাইজ পেয়ে থাকেন তিনি। কিন্তু মহামারি করোনাভাইরাস আসায় গত বছর বিশেষ এ দিনটা ঘরবন্দি কেটেছে অভিনেতার। সেই ধারাবাহিকতায় এ বছরের জন্মদিনটাও শুধু পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন নিরব।

পাশাপাশি তিনি এও জানিয়েছেন, এবারের জন্মদিনে তার মন একেবারেই ভালো নেই। কারণ হিসেবে নিরব বলেন, ‘করোনার আগে আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের নিয়ে বেশ আয়োজন করে জন্মদিন পালন করা হতো। কিন্তু গত বছরের মতো সেই সুযোগ এবারও নেই।’

তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে এই কঠিন সময়েও পরিবার নিয়ে সুস্থ থাকায় শুকরিয়া আদায় করেন নিরব। বলেন, ‘এটাই জন্মদিনের সবচেয়ে বড় পাওয়া। যতদিন বেঁচে থাকব, ততদিনই যেন সুস্থ থাকতে পারি, এটাই এবারের জন্মদিনের প্রত্যাশা।’

এছাড়া জন্মদিনে দর্শকদের জন্য আরও ভালো ও স্মরণীয় কিছু কাজ উপহার দেযার প্রত্যয় ব্যক্ত করলেন নিরব। ইতোমধ্যে তিনি ‘ছায়াবৃক্ষ’ এবং ‘অমানুষ’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন। ঈদে মুক্তি পাওয়ার কথা ‘অমানুষ’। এর বাইরে নায়কের হাতে রয়েছে ‘ফিরে দেখা’, ‘চোখ’, ‘ক্যাসিনো’, ‘তিতুমীর’, ‘রৌদ্র ছায়া’সহ বেশকিছু সিনেমার কাজ।

১৯৮৩ সালের ২ জুলাই রাজবাড়ীর সন্তান সাখাওয়াত হোসেন নিরব ঢাকার সিএমএইচ হাসপাতালে জন্মগ্রহন করেন। মডেলিংয়ের মাধ্যমে তিনি মিডিয়ায় পা রাখেন। বিজ্ঞাপনচিত্রে কাজ করে সাড়া পাওয়ার পর টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ২০১৭ সালে সমীর খান পরিচালিত ‘শয়তান’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রাখেন নিরব।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০২ জুলাই ২০২১ /এমএম

 


Array