প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গলায় ব্যথা ও প্রবল শ্বাসকষ্টের সমস্যার কারণে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছেন ভারতের বাঙালি গায়ক, গীতিকার, অভিনেতা, বেতার সাংবাদিক ও গদ্যকার কবীর সুমন। রবিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্ষীয়ান শিল্পীর অসুস্থতার খবর পেয়ে উৎকণ্ঠায় তার অনুরাগীরা।
এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ১০৩ নং কেবিনে রয়েছেন ৭৮ বছর বয়সী কবীর সুমন। হাসপাতাল সূত্রে খবর, আপাতত অক্সিজেন সার্পোটে রাখা হয়েছে তাকে। হাসপাতালে ভর্তির সময় তার রক্তে অক্সিজেনের মাত্রা সাংঘাতিক ভাবে কমে গিয়েছিল। সোমবার সকালে তার করোনা টেস্ট করানো হয়েছে। রেজাল্ট এখনো আসেনি।
এছাড়া শরীরে একাধিক সমস্যা থাকায় তার শারীরিক বিভিন্ন পরীক্ষা চলছে। জানা গেছে, গত কয়েকদিন ধরেই জ্বর ছিল তৃণমূলের সাবেক সাংসদ কবীর সুমনের। সঙ্গে সর্দি ও মারাত্মক গলায় ব্যথার সমস্যা। খেতে, ঢোঁক গিলতে সমস্যা হচ্ছিল। দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যাও হচ্ছিল। রবিবার রাতে আচমকা শ্বাসের প্রবল সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ থাকায় অ্যান্টিবায়োটিক দেয়া হয়েছে কবীর সুমনকে। তার বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। করোনাসহ শারীরিক পরীক্ষার অন্যান্য রিপোর্ট পাওয়ার পর শুরু হবে তার চিকিৎসার পরবর্তী ধাপ। এই শিল্পীর চিকিৎসার জন্য দুই সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৮ জুন ২০২১ /এমএম





