প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন হিন্দি সিনেমার কিংবদন্তি ও প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। শ্বাসকষ্ট জনিত কারণে রবিবার সকালে তাকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিনেতার স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, ‘হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় দিলীপ কুমারের। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওনাকে খার রোডের হিন্দুজা হাসপাতালে নেয়া হয়। ওনার কোভিড না থাকার কারণে নন-কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানে চিকিৎসক নিতিন গোখলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তার চিকিৎসার জন্য যাবতীয় মেডিকেল পরীক্ষানিরীক্ষা করতে দেয়া হয়েছে।’
সায়রা বানু আরও জানান, গত বছর কোভিডের প্রকোপ বেড়ে যাওয়ার পর থেকেই কারও সঙ্গে কোনো রকম সাক্ষাৎ করেননি অভিনেতা দিলীপ কুমার। বয়স অনেক হওয়ায় তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। তাই তিনি বাইরের মানুষজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন না। অভিনেতার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের প্রার্থনা এবং শুভকামনা আশা করেছেন।
এর আগে একাধিক বার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ৯৮ বছর বয়সী দিলীপ কুমারকে। গত বছর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতার দুই ভাই আসলাম খান (৮৮) এবং এহসান খান (৯০)। তবে প্রবীণ এই অভিনেতা এখনো মহামারি এই ভাইরাসে আক্রান্ত হননি।
১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ সিনেমা দিয়ে বলিউড যাত্রা শুরু করেছিলেন দিলীপ কুমার। তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়ে তিনি রেকর্ড আট বার ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন। তার জনপ্রিয় কিছু সিনেমা হল, ‘মুঘল-ই-আজম’, ‘দেবদাস’, ‘ক্রান্তি’। ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে তিনি শেষ অভিনয় করেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৬ জুন ২০২১ /এমএম





