Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌  নানা কারণেই বিভিন্ন সময়ে আলোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। বিশেষ করে গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে বিচ্ছেদ এবং পরে কোলকাতার মেধাবী নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করে তিনি সরগরম করে তোলেন মিডিয়াপাড়া। তবে অভিনয়, সন্তান, সংসার সবকিছু ছাপিয়ে তিনি পরম শিক্ষানুরাগীও বটেন! এতো ব্যস্ততার মধ্যেও মিথিলার পিএইচডি করার খবর যেন সে কথাটিই প্রমাণ করে।

শত ব্যস্ততার মাঝেও পড়ালেখার জন্য সময় বের করে নিচ্ছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। পড়াশুনার বিকল্প কিছুই নেই বলে মনে করেন তিনি। তবে ভালো গল্প পেলে সিনেমা-নাটকে নিয়মিত থাকার প্রত্যয় রয়েছে তার। কারণ অভিনয় তার জীবনের অন্যতম প্রধান অবলম্বন।

জানা গেছে, সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার ইন্টারন্যাশনাল এডুকেশন ডিপার্টমেন্টের একজন অধ্যাপকের তত্ত্বাবধানে ‘আরলি চাইল্ড হুড এডুকেশন’ বিষয়ে পিএইচডি করছেন মিথিলা। পিএইচডির বিষয়ে অনুমতি পেয়ে বর্তমানে মিথিলা গবেষণার জন্য তথ্য সংগ্রহ করছেন। মিথিলা বলেন, ঠিকভাবে পড়াশুনাটা করতে হবে। পিএইচডি শেষ করতে হবে। লেখাপড়ায় মনোযোগ দেয়া ছাড়া আর উপায় নেই। তা ছাড়া পড়তে ভালো লাগে তার।

গতকাল মঙ্গলবার ছিল অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার জন্মদিন। বিশেষ দিনটি মিথিলার কাছে অন্য দিনগুলোর মতোই ছিল। অন্য দিনগুলো যেমনভাবে কাটে, ঠিক তেমনিভাবে এবারের জন্মদিনটি কেটেছে অভিনেত্রীর। তবে জন্মদিন বলে অনেকে উইশ করেছেন বলে জানান তিনি।

জন্মদিনে অফিস, সহকর্মীদের খাওয়ানোই ছিলে মিথিলার সারাদিনের আয়োজন। সন্ধ্যায় বাসায় ফিরে বাকি সময় পরিবারের সঙ্গে কাটিয়েছেন। করোনার কারণে গত এক বছর অফিস করেননি মিথিলা। কিন্তু এক বছর পর জন্মদিনে অফিসে এসে কাজ করেছেন। জন্মদিনে সহকর্মীদের সাথে সময় কাটানোই স্পেশাল ছিলে বলে জানালেন মিথিলা।

মিথিলার এবারের জন্মদিনে প্রথম উইশ করে তার মেয়ে এবং বাবা-মা। প্রতিবার মিথিলার জন্মদিনে এমনটাই হয়। মিথিলার বাবা-মা আর মেয়েই সবার আগে উইশ করে। পরে আত্মীয়-স্বজন, কাছের মানুষরা।

জন্মদিনে কোনো সারপ্রাইজ পাননি মিথিলা। এমনটি তিনি আশাও করেন না। খুবই সাধারণ জীবন যাপন করে বেশিরভাগ সময় কাজেই ব্যস্ত থাকেন। কাজ না থাকলে পরিবারের সঙ্গে বাসায় থাকেন। এভাবেই অভ্যস্ত। এভাবে চলতেই ভালো লাগে মিথিলার।

মিথিলা বলেন, সবাই যেন অন্যের নেতিবাচক বিষয়গুলো ফোকাস না করে ভালো কিছুর দিকে ফোকাস করে। আর ভালো কিছু করতে না পারলেও যেন মন্দ কিছু না করে। এতে পৃথিবী শান্তিময় হয়ে উঠবে।

‘অমানুষ’ সিনেমার কাজ কিছুটা বাকি থাকায় সেটা শেষ করবে মিথিলা। এরপর আরও একটি সিনেমা নিয়ে কথা চলছে তার, সেটাও করার ইচ্ছা রয়েছে মিথিলার। কোরাবানির ঈদ সামনে রেখে কিছুটা ব্যস্ততা রয়েছে মিথিলার। এছাড়াও রয়েছে অফিসের পাশাপাশি বাচ্চাকে সামলানোর কাজ।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মে ২০২১ /এমএম


Array