Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মা হারালেন বলিউডের এই সময়ের সবচেয়ে হিট গায়ক অরিজিৎ সিং। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রাত ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়কের মা অদিতি সিং। তিনি আইসিইউতে ছিলেন, সঙ্গে একমো সাপোর্ট। একে একে সব অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দেয় তার। চলছিল কিডনি ডায়ালাইসিসও।

করোনায় আক্রান্ত হওয়ার পর অরিজিতের মা ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। মাকে চিকিৎসার জন্য জিয়াগঞ্জ থেকে প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে কলকাতায় নিয়ে আসেন অরিজিৎ। একমো ভেন্টিলেশনে ছিলেন তিনি। তার মাঝেই হয় ব্রেন স্ট্রোক । সেখান থেকেই শরীরের অবনতি।

প্রয়োজন হয় রক্তের। এ নেগেটিভ রক্তের প্রয়োজন ছিল। বিরল ব্লাড গ্রুপ হওয়ায় তা পাওয়া ছিল চ্যালেঞ্জ। এগিয়ে আসেন বেশ কয়েকজন। রক্ত দেয়ার পর অবস্থার একটু উন্নতিও হয়েছিল। সঙ্গে ছিলেন অরিজিত ও তার স্ত্রী কোয়েল।

কিন্তু এর পরই একের পর এক সমস্যা দেখা যেতে থাকে অদিতি সিংয়ের শরীরে। অবশেষে মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয় তার। মাকে হারিয়ে শোকস্তব্ধ অরিজিত ও বোন অমৃতা। শোকের ছায়া বলিউডেও। বহু তারকা অরিজিতের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ মে ২০২১ /এমএম


Array