Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: চলতি মাসের শুরুতেই খবর রটেছিল চিত্রতারকা দম্পতি ওমর সানী ও মৌসুমীর একমাত্র ছেলে ফারদিনের বিয়ে এ মাসের শেষেই হবে। কিন্তু খবরটির সত্যতা তখন অস্বীকার করেছেন এ তারকা দম্পতি। বলেছেন বিয়ের কোনো দিনক্ষণ তারা এখনো ঠিক করেননি। অথচ প্রকাশিত খবরই শেষ পর্যন্ত সত্যি হলো। গত ২৬ মার্চ ছেলের বিয়ে দিয়েছেন এ তারকা দম্পতি। কনের নাম আয়েশা। ছেলের পছন্দেই মূলত এ বিয়ে হয়েছে বলে জানিয়েছেন ওমর সানী।

তিনি বলেন, ‘কিছুদিন আগেই আয়েশার সঙ্গে ফারদিনের পরিচয় হয়। পরে পারিবারিকভাবেই বিয়ের আলাপচারিতা এগিয়ে যায়। এরপর তাদের বিয়ের শুভকাজটি আমরা সম্পন্ন করি। তিনি আরও জানান, আয়েশার জন্ম বাংলাদেশে এবং তিনি কানাডারও নাগরিক। ছেলের বিয়ে প্রসঙ্গে মৌসুমী বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফারদিনের কাবিননামা সম্পন্ন হলো, এটা সত্যিই আল্লাহর বিশেষ রহমত।

আয়েশাকে নিয়ে আমাদের ঘরটা যেন স্বর্গের মতোই সুন্দর হয়ে ওঠে, আলোকিত হয়ে ওঠে, এ দোয়া চাই সবার কাছে।’ প্রসঙ্গত, সানী-মৌসুমীপুত্র ফারদিন একজন নির্মাতা, প্রযোজক ও রেস্টুরেন্ট ব্যবসায়ী। জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীর গুলশানে তার পরিচালনায় মন্টানা লাউঞ্জ নামে একটি রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ৩১ মার্চ ২০২১ /এমএম


Array