প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ভারতে বাড়তে শুরু করেছেন করোনাভাইরাসের সংক্রমণ। ইতিমধ্যেই টিকা নিয়ে সংক্রমণকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন বলিউড অভিনেতা ধর্মেন্দ্র, হেমা মালিনী, সাইফ আলি খান, অনুপম খের, পরেশ রাওয়াল, আশিস বিদ্যার্থী, শিল্পা শিরোদকরের মতো তারকা। সেই দলে যুক্ত হলেন হেভওয়েট আরও দুই তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত।
বলিউড সূত্রে খবর, মঙ্গলবার বম্বে পুরসভা হাসপাতালের অন্তর্গত জাম্বো টিকাকরণ কেন্দ্রে গিয়ে করোনা টিকা নেন ৬১ বছর বয়সী অভিনেতা সঞ্জয় দত্ত। এর পরদিন বুধবার, বান্দ্রার একটি বেসরকারি হাসপাতালে করোনা টিকার প্রথম ডোজ নিতে দেখা যায় সালমান খানকে।
এই দুই তারকা শুধুই টিকাই নেননি, অনুরাগীদের সচেতন করতে সামাজিক মাধ্যমে টিকা নেওয়ার কথা শেয়ারও করেছেন। সঞ্জয় ছবি তুলেছেন হাসপাতাল কর্মীদের সঙ্গে। পরে নেট মাধ্যমে সেই ছবি শেয়ার করেন তিনি। আন্তরিক ধন্যবাদ জানান ডা. ধেরে এবং তার টিমকে।
কাজের দিক থেকেও দুই তারকা ব্যস্ত। তাই অসুস্থতা যাতে কোনো মতেই কাজের বাধা না হয়ে দাঁড়ায়ে তার জন্য টিকা নিয়ে নিলেন। এর মধ্যে সঞ্জয়কে শেষ দেখা গেছে মহেশ ভাটের ‘সড়ক টু’ ছবিতে। তার হাতে রয়েছে, ‘সমসেরা’, ‘পৃথ্বীরাজ’, ‘কেজিএফ চ্যাপ্টার টু’র মতো বড় বাজেটের ছবি।
অন্যদিকে, বলিউড ভাইজান সালমান জোরকদমে প্রচার চালাচ্ছেন তার আগামী ছবি ‘রাধে’র। চলতি বছরের মে মাসে, ঈদে মুক্তি পাবে প্রভুদেবা পরিচালিত এই ছবি। এখানে সালমানের বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, জারিনা ওয়াহব, রণদীপ হুডা ও মেঘা আকাশ।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৬ মার্চ ২০২১ /এমএম





