প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গায়ক ও অভিনেতা তাহসান রহমান খানের সঙ্গে সম্পর্ক ভেঙে বর্তমানে কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংসার করছেন বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াথ রশীদ মিথিলা। বিয়ের পর থেকে শুরু করে এ পর্যন্ত তিনি যতবার খবরের শিরোনাম হয়েছেন, প্রতিবারই তাকে ‘সৃজিতপত্নী’ বলে সম্মোধন করা হয়েছে।
কিন্তু এই শব্দে ঘোর আপত্তি মিথিলার। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে এর প্রতিবাদও করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘আমাকে যতবার সৃজিতপত্নী লিখবেন, ততবার সৃজিতকেও মিথিলাপতি লিখবেন প্লিজ।’এর মানে স্বামীর পরিচয়ে পরিচিত হতে চান না মিথিলা। তিনি নিজের পরিচয়ে পরিচিত হতে চান। তার পরিচালক স্বামী সৃজিত মুখার্জীও তাই চান।
অনেকেই মনে করেন, বিয়ের আগে বাবার আর বিয়ের পর স্বামীর পরিচয়েই পরিচিত হবেন নারীরা। আবার এই ধারণা অনেকের কাছেই ‘ভুল’। তাদের মতে নারীরও নিজের পরিচয়ে পরিচিত হয়ে ওঠা উচিত। মিথিলা এই দলেরই একজন। তাইতো এবার অচলায়তন ভাঙার চেষ্টায় উদ্যোগী হয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর নির্মাতা সৃজিত মুখার্জীকে বিয়ে করেন মিথিলা। সেই বিয়েতে উপস্থিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং কাছের কয়েকজন বন্ধুবান্ধব। উপস্থিত ছিল মিথিলার প্রথম পক্ষের মেয়ে আয়রাও।
এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেতা ও গায়ক তাহসানকে বিয়ে করেন মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল এ জুটির সংসার আলো করে আসে একমাত্র সন্তান আইরা। সুখেই কাটছিল তাদের দাম্পত্য। কিন্তু ২০১৭ সালের জুলাইয়ে সবাইকে অবাক করে তারা বিচ্ছেদের ঘোষণা দেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৫ মার্চ ২০২১ /এমএম





