প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শনিবার হুট করেই ছড়িয়ে পড়ে অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে ফারুক গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবরও প্রকাশ হয়। খবরটি ছড়িয়েছিলেন আসমা নামে অভিনেতা ফারুকের একজন ভাতিজি।
কিন্তু একদিন না যেতেই এই খবরকে গুজব বলে উড়িয়ে দিলেন ফারুকের ছেলে রোশন হোসেন পাঠান শরৎ। তিনি জানান, ‘খবরটি গণমাধ্যমে দেখে আমরা বিভ্রান্ত হয়েছি। বাবা সিঙ্গাপুরে রয়েছেন ঠিক, তাই বলে আইসিইউ? আমার এক কাজিন এ খবর ছড়িয়েছেন, যেটা আদতে সত্য নয়। বাবা কেবিনে রয়েছেন। খুব স্বাভাবিক রয়েছেন। বাবা ভালো আছেন।’
শরৎ আরও জানান, ঢাকাই চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত অভিনেতা ফারুক এখন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসক ড. লাই-এর অধীনে চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ৪ মার্চ জ্বর নিয়ে রাজধানীর দুই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করান তিনি। কিন্তু রোগ শনাক্ত না হওয়ায় সিঙ্গাপুরে যান ফারুক। এরপর সেখানে তিনি কোয়ারেন্টিনে ছিলেন।
শরৎ বলেন, ‘বাবা-মা গত ৪ তারিখে সিঙ্গাপুরে যান। সেখানে গিয়ে কোয়ারেন্টিনে থাকেন। এরপর ৯ মার্চ হাসপাতালে ভর্তি হন। গত বছর বাবার টিবি (যক্ষ্মা) হয়েছিল। যার ফলে সেখানে পরীক্ষা করাতে রক্তে ইনফেকশন ধরা পড়ে। যেটা গুরুতর কিছু নয়। এই হাসপাতালেই যেহেতু টিবি ধরা পড়েছিল, তাই বাবা-মা সেখানেই চলে যান।’
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ মার্চ ২০২১ /এমএম





