Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তাকে পর্দায় দেখা যায় বছরে একবার। যখন থাকেন তখন তার থেকে চোখ ফেরানো দায়। বছরে অনেকগুলো ছবি করার হিড়িক তার জীবনে নেই। চিত্রনাট্য থেকে চরিত্র একেবারে নিখুঁত হলে তবেই কোনো ছবিতে অভিনয়ের জন্য রাজি হন। তিনি আর কেউ নন, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। আইটেম গানে নেচে তিনিই এবার চমকে দিলেন তামাম বলিউডকে।

মিউজিশিয়ান তানিস্ক বাগচীর কম্পোজিশনে অমিতাভ ভট্টাচার্যর লেখায় বিশাল দাদলানি এবং জারা খানের গলায়, ’হার ফুঁ মওলা’ গানটিতে নেচে তাক লাগিয়ে দিয়েছেন আমির খান। সঙ্গে আছেন হট এলি আভরাম। সম্প্রতি মুক্তি পেয়েছে গানের ভিডিওটি। সেখানে দেখা যায়, শরীরে শরীর, পায়ে পা মেলাচ্ছেন এলি ও আমির।

এই গানটি ব্যবহার করা হয়েছে কোই জানে না নামে একটি ছবিতে। আগামী ২৬ মার্চ মুক্তি পাবে ছবিটি। এতে অভিনয় করেছেন কুণাল কাপুর এবং আমায়রা দস্তুর। প্রচারের ক্ষেত্রে আমির খানের আইটেম গানটিই সবার আগে ছক্কা হাঁকিয়ে বেরিয়ে গেছে। সেখানে এলির সঙ্গে আমিরের কেমিস্ট্রি দেখে মুগ্ধ নেট জনতা। সুপার ফিট অ্যান্ড হিট এই গান এখন উষ্ণতা ছড়াচ্ছে স্ক্রিনে স্ক্রিনে।

২০১৮ সালে ‘থাগস অব হিন্দুস্তান’-এ শেষ বার পর্দায় দেখা দেন আমির খান। কিন্তু ফ্লপ হয় সে ছবি। তারপর ‘লাল সিং চাড্ডা’র শ্যুটিংয়ের কিছু ঝলকে তাকে দেখা গেছে। চলতি বছর মুক্তি পাবে এই ছবি। তার আগে প্রায় আড়াই বছর পর আচমকা একটি আইটেম গানে ধরা দিলেন মিস্টার পারফেকশনিস্ট। তাও আবার ঘনিষ্ঠ দৃশ্যে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ মার্চ ২০২১ /এমএম

 


Array