Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তারিনের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী এবং চিত্রনাট্যকার ও সাংবাদিক রুম্মান রশিদ খান। জানা যায়, মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। গত ৪৭ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে অভিনেত্রী তারিন তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লেখেন, তার বাবার শারীরিক অবস্থা অবনতি হয়েছে। তাকে জরুরি ভিত্তিতে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে। সবার কাছে দোয়া চান তারিন। এর কয়েক ঘণ্টা বাদেই না ফেরার দেশে চলে যান তার বাবা।

তারিন জানান, ‘বাবার করোনা ছিল না। তবে তিনি বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই না অসুখে ভুগছিলেন। গত দেড় মাস ধরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। আজ (মঙ্গলবার) তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর কয়েক ঘণ্টা পরেই বাবা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।’

তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ছিলেন। এছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে তারিন সবার ছোট। অভিনেত্রীর বাবাকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২১ /এমএম

 


Array