Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আরও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন ঢালিউডের বর্তমান সময়ের অন্যতম সেরা জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদের এবারের প্রজেক্টের নাম সিকান্দার। এই ছবিটি পরিচালনা করবেন নবাগত পরিচালক জুবায়ের আলম।সিকান্দার হতে চলেছে এই নির্মাতার প্রথম চলচ্চিত্র। এটি প্রযোজনা করবে বেসরকারি টিভি চ্যানেল আরটিভির সহযোগী প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।

পরিচালক জুবায়ের আলম জানালেন, ‘মার্চে শুটিং শুরু করব। এখানে সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি কেন্দ্রিক ছবি নয়, নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের ছবি। সবকিছু শতভাগ চূড়ান্ত হয়েছে। চলতি মাসের শেষে সবকিছু জানাবো। তার আগে কিছু নয়।’

আরটিভির সিইও সৈয়দ আশিকুর রহমান জানান, ‘এরই মধ্যে সবকিছু চূড়ান্ত হয়েছে। গত সপ্তাহে চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু আরটিভি অ্যাওয়ার্ড অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা থাকায় তা সম্ভব হয়নি। হয়তো শিগগিরই শিল্পীদের চুক্তি সম্পাদনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।’

সিয়াম আহমেদ ও পূজা চেরি এর আগে ২০১৮ সালে ‘পোড়ামন টু’ ও ‘দহন’ সিনেমা দুটিতে জুটি বেধে কাজ করেন। দুটিই ব্যবসাসফল হয় এবং সিয়াম-পূজা জুটিকে দর্শক ইতিবাচকভাবে গ্রহণ করেন। এ জুটির আরেক ছবি ‘শান’ নির্মাণাধীন রয়েছে।

এম এ রহিম পরিচালিত এই ছবিটির কাজ শেষ করে গত বছরের রোজার ঈদে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু তার আগেই করোনাভাইরাসের হানায় সব পরিকল্পনা ভেস্তে যায়। হয়তো বাকি কাজ সমাধা হলে চলতি বছরে ছবিটি মুক্তি পেতে পারে।

এছাড়া সিয়াম-পূজাকে জুটি করে ‘সাইকো’ নামে একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন পরিচালক অনন্য মামুনেরও। কিন্তু সেটা এখন অনিশ্চিত। কারণ, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার হয়ে মামুন বর্তমানে জেলে রয়েছেন। তাকে আজীবন নিষিদ্ধের ঘোষণাও দিয়েছে পরিচালক সমিতি।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/০৬ জানুয়ারি ২০২১ /এমএম


Array