Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান রহমানের ভক্তদের জন্য বড় সুসংবাদ। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) বাংলাদেশের শুভেচ্ছাদূত করা হয়েছে তাদের প্রিয় তারকাকে। তাহসানই প্রথম বাংলাদেশি, যাকে এই দায়িত্ব দেয়া হলো।

শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাহসানকে জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব দেন সংস্থাটির বাংলাদেশ প্রধান স্টিফেন করলিস। ঘোষণা মোতাবেক, তাহসান আগামী দুই বছর তার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

এই অভিনেতা ও গায়ক ২০১৯ সাল থেকে শরণার্থীদের কথা মানুষের কাছে পৌঁছে দেয়ার বিভিন্ন উদ্যোগে ‘ইউএনএইচসিআর’-এর সঙ্গে কাজ করে চলেছেন। অবশেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন।

অনুভূতি জানিয়ে তাহসান বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিত ও গর্বিতবোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব বলে মনে করছি।’

প্রসঙ্গত, বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী সংস্থার কাজ শুরু হয় ১৯৭১ সালে পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে স্বাধীন দেশে মানুষকে ফিরিয়ে আনার মাধ্যমে। চলমান রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশে সংস্থাটির কার্যক্রম এখনও বিদ্যমান।

সারাবিশ্বে শরণার্থী সংস্থার মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন। তারা তাদের জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। সেই তালিকায়ই যুক্ত হলেন তাহসান।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৩ জানুয়ারি ২০২১ /এমএম

 


Array