Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: টাঙ্গাইলের সাধারণ পরিবারের মেয়ে বিথী। সে ঢাকায় বেড়াতে গেছে মামার বাসায়। একদিন মামাতো বোনের সঙ্গে একটা বিয়ের অনুষ্ঠানে বিথি পরিচিত হয় ঢাকার ছেলে রিয়াজের সঙ্গে। সেই পরিচয় থেকেই ভালো লাগা, তারপর ভালোবাসা।

কিছুদিন পর বিথী ফিরে যায় নিজের বাড়ি টাঙ্গাইলে। রিয়াজের সঙ্গে তার যোগাযোগ অব্যাহত থাকে চিঠি আদান-প্রদান এবং রাত জেগে মোবাইলে কথা বলার মাধ্যমে। কিন্তু তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। রিয়াজের বাবা প্রভাব খাটিয়ে তাকে বাধ্য করে বন্ধুর মেয়ে তানিয়াকে বিয়ে করতে।

অন্যদিক বিথীর চাচি তার থেকে মোবাইল কেড়ে নেয়, যাতে রিয়াজের সঙ্গে কথা বলতে না পারে। তারও বিয়েও ঠিক করা হয়। এই বিরহ সইতে না পেরে বিথী বিয়ের আসর থেকে পালিয়ে ঢাকায় এসে বহু কষ্টে রিয়াজের বাসা খুঁজে বের করে। কিন্তু সেখানে আরও বড় বিরহ অপেক্ষা করছিল তার জন্য।

কী সেই বিরহ, জানতে হলে অপেক্ষা করতে হবে আর কযেকটা দিন। কারণ এটি রিয়েল লাইফের কোনো ঘটনা নয়, রিল লাইফের। জহির করিমের লেখা এমনই একটি চমৎকার গল্প নিয়ে নাটক নির্মাণ করেছেন যৌথভাবে অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। নাম ‘এক বরষায়’।

এই নাটকে রিয়াজ চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রমাণিক এবং বিথী চরিত্রে রয়েছেন মুমতাহিনা টয়া। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জহির করিম, রেশমি, পলক রহমান প্রমুখ। সম্প্রতি শেষ হয়েছে অন্তরীপ প্রোডাকশন প্রযোজিত এ নাটকটির দৃশ্যধারণ।

অভিনেতা মনোজ প্রামাণিক বলেন, ‘রোমান্টিক একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। তবে সাধারণ প্রেমের গল্পের মতো নয়, একটু ব্যতিক্রম গল্প নিয়ে নাটকের কাহিনি। টয়ার সঙ্গে রসায়ন ভালো ছিল। আশা করছি, দর্শক নাটকটি পছন্দ করবেন।’নির্মাতা সূত্রে জানা গেছে, খুব শিগগির নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৯ ডিসেম্বর ২০২০/এমএম


Array