প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: মা হারা হলেন ঢালিউডের আরও এক তারকা। এবার মারা গেলেন হালের ব্যস্ততম নায়ক নিরব হোসেনের মা নুরজাহান আলম। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে নূরজাহান আলমের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও কার্ডিয়াক জটিলতায় ভুগছিলেন। এসব তথ্য নিশ্চিত করেন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদার। তিনি বলেন, মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
চিত্রনায়ক নিরবের গ্রামের বাড়ি রাজবাড়ী জেলায়। সেখানেই তার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরহুমাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর মা হারান চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মারা যান তার মা শেফালি বিশ্বাস। ওই একই দিনে বার্ধক্যজনিত কারণে মারা যান খল অভিনেতা আশরাফুল হক ডনের মা মোয়াজ্জেমা হক।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২৪ ডিসেম্বর ২০২০/এমএম





