প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: জনপ্রিয় অভিনেতা আবদুল কাদেরের ক্যান্সার ধরা পড়েছে। তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’।ক্যান্সার ধরা পড়ায় আবদুল কাদেরকে কেমোথেরাপি দিতে হবে। কিন্তু তার শারীরিক অবস্থা এতটাই দুর্বল যে, তিনি কেমো সহ্য করতে পারবেন না। এ কারণে তাকে ভারতের চেন্নাইয়ের হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয়েছে।
রোববার দুপুর দেড়টার দিকে দেশে ফেরার পর তার পরিবার তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করেছে।আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেনি দেশে ফেরার পর জানান, তার শ্বশুরের শারীরিক অবস্থা ভালো নয়। তার রক্তের হিমোগ্লোবিন ক্রমশ কমছে। কেমোথেরাপি দেয়ার কথা ছিল চেন্নাইয়ে। চিকিৎসকরা সব দিক বিবেচনা করে জানালেন, তার এ অবস্থায় কেমোথেরাপি দেয়া সম্ভব নয়।
১৫ ডিসেম্বর এই অভিনেতার পরিবারকে ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর দেন চেন্নাইয়ের চিকিৎসকরা। ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা শুনে এই অভিনেতার পরিবার থেকে চিকিৎসার সব দায়িত্ব চিকিৎসকদের ওপর ছেড়ে দেয়া হয়। কিন্তু চেন্নাইয়ের চিকিৎসকরা তার শারীরিক গতিবিধি পর্যবেক্ষণ করে কেমো দিতে সাহস করেননি।
কাদেরের পরিবার জানায়, তিনি এখন কিছুই খেতে পারছেন না, যা মুখে নিচ্ছেন বমি করছেন। তাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে।১৯৫১ সালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার সোনারং গ্রামে অভিনেতা আবদুল কাদেরের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পর তিনি সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনায় নিযুক্ত হন। পরে জুতা তৈরিকারক প্রতিষ্ঠান বাটায় যোগ দেন ১৯৭৯ সালে; সেখানে ছিলেন ৩৫ বছর।
তার অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে– ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘এখনও ক্রীতদাস’, ‘তোমরাই, স্পর্ধা’, ‘দুই বোন’, ‘মেরাজ ফকিরের মা’।টিভিতে তিনি তিন হাজারের মতো নাটকে অভিনয় করেছেন। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী তিনি।
প্রয়াত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের বহু জনপ্রিয় নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন কাদের। তিনি হুমায়ূনের ‘কোথাও কেউ নেই’ নাটকে বদিভাই চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।২০০৪ সালে আবদুল কাদের অভিনয় করেন ‘রং নাম্বার’ চলচ্চিত্রে।
দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে টেনাশিনাস পদক, মহানগরী সাংস্কৃতিক ফোরাম পদক, অগ্রগামী সাংস্কৃতিক গোষ্ঠী পদক, জাদুকর পিসি সরকার পদক, টেলিভিশন দর্শক ফোরাম অ্যাওয়ার্ড, মহানগরী অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পদকও পেয়েছেন আবদুল কাদের।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ২১ ডিসেম্বর ২০২০/এমএম





