প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: আগামী বছরের ১৫ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কলকাতার বিখ্যাত অভিনেতা তরুণ কুমারের নাতি অভিনেতা সৌরভ ব্যানার্জি এবং অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্যায়। তার আগে ১৩ জানুয়ারি হবে সংগীতের অনুষ্ঠান। সময় খুব বেশি নেই। তাইতো বিশেষ দিনকে সামনে রেখে হবু স্ত্রী ত্বরিতা কাছে নাচের স্টেপ শিখছেন সৌরভ।
নাচ শেখার এই মহড়া চলছে কয়েকদিন ধরে। সৌরভের কথায়, ‘ত্বরিতা ভালো নাচে। আমি নাচতে পারি না। হাতে সময় কম, এখনো সংগীতের পুরো থিম তৈরি হয়নি।’তবে সবচেয়ে কাছের বন্ধু ত্বরিতার সংগীতে বিশেষ পারফরম্যান্স করবেন বলে তৈরি হচ্ছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন।
ত্বরিতা জানান, ‘বাঙালি মতে বিয়ের অনুষ্ঠান হবে। বাবা-মায়ের বিয়েতে বিসমিল্লা খান সানাই বাজিয়েছিলেন। আমাদের বিয়েতেও নামী কোনও শিল্পীকে এনে নহবত সাজানোর পরিকল্পনা করছি।’
বিয়ের আগের দিন মেহেন্দি। বিয়ে ও রিসেপশনের পোশাক তৈরি করছেন ডিজ়াইনার অভিষেক রায়। ত্বরিতার পছন্দের চিংড়ি মালাইকারি ও বাহারি মাটন থাকছে বিয়ের মেনুতে। বাঙালি পদের লাইভ কাউন্টারও থাকবে। অন্যদিকে, রিসেপশনে তন্দুরি ও বাঙালি ফিউশন পদ রাখার ইচ্ছা সৌরভের।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ ডিসেম্বর ২০২০/এমএম





