প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: প্রথম স্বামী অভিনেতা ও গায়ক তাহসান রহমান খানকে ডিভোর্স, পরবর্তীতে ভারতীয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে- এই দুটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে ব্যাপক সমালোচনা ও ট্রোলের মুখে পড়তে হয়েছে বাংলাদেশি অভিনেত্রী ও সমাজকর্মী রাফিয়াত রশীদ মিথিলাকে। একটু দেরিতে হলেও সেসব সাইবার বুলিংয়ের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিও শেয়ার করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের আড়ালে চলতে থাকা অনলাইন হেনস্থা নিয়ে নিজের মতামত জানান মিথিলা। ১ মিনিট ৯ সেকেন্ডের সেই ভিডিওতে তিনি বেশ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে নিজের বক্তব্য তুলে ধরেন।
মিথিলার কথায়, ‘প্রত্যেকটি মানুষেরই একটি ব্যক্তিগত জীবন থাকে। সেখানে তার ভালো লাগা, খারাপ লাগা এবং নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে। অভিনেত্রী মনে করেন, সেই সিদ্ধান্ত যদি অন্য কারও জীবনকে প্রভাবিত না করে, তাহলে তা নিয়ে চর্চা করাটাও সম্পূর্ণ ভাবে অবাঞ্ছনীয়।
তিনি বলেন, ‘আমরা অনেকেই আছি যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচণ্ড উৎসাহী। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে অন্যের ব্যক্তিগত জীবন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আজেবাজে ও কুরুচিকর কথা বলতে দ্বিধা বোধ করি না। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।’
এখানেই থেমে যাননি সৃজিত-পত্নী। অন্যকে নিয়ে ভাবনা থামিয়ে, নিজেকে নিয়ে ভাবার বার্তা দিয়েছেন তিনি। এই পৃথিবীকে আরও সুন্দর করে তোলার জন্য অন্যের অনুভূতিকে প্রাধান্য দেয়ার কথাও বলেছেন।
মিথিলার পেশাগত সাফল্যের চেয়ে তার ব্যক্তিগত জীবনে সম্পর্কের ভাঙা-গড়া নিয়েই বেশি আলোচনা-সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। তাহসানের সঙ্গে প্রায় এক যুগের দাম্পত্য ভেঙে সৃজিতকে বিয়ে করার পর সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর ট্রোল আর মিম ধেয়ে আসে তার দিকে। অভিনেত্রীর চরিত্র নিয়েও প্রশ্ন তোলেন অনেকে।
যদিও কোনো কিছুকেই তোয়াক্কা করেন না মিথিলা। মেয়ে আয়রা এবং স্বামী সৃজিতকে নিয়ে নিটোল সংসার গুছিয়েছেন তিনি। সম্প্রতি বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী সৃজিতকে নিয়ে সুন্দরবনে ছুটি কাটিয়ে গেছেন মিথিলা। এছাড়া কিছুদিন আগে স্বামী-সন্তানের সঙ্গে কলকাতার আলীপুর চিড়িয়াখানাও ঘুরে এসেছেন।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১২ ডিসেম্বর ২০২০/এমএম





