Menu

বাংলানিউজসিএ ডেস্ক :: আসন্ন অমর একুশে বইমেলা ২০২০ উপলক্ষে কবি রাজুব ভৌমিকের মোট তিনটি বই প্রকাশিত হতে যাচ্ছে। বইগুলোর নাম—‘আয়না সনেট’, ‘শশীকাহন’ এবং ‘টেম্পু পাশা’।‘আয়না সনেট’ বইটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। মেলায় ৫ নং প্যাভিলিয়নে বইটি পাওয়া যাবে। ‘আয়না সনেট’ বইটির প্রচ্ছদ করেছেন জনপ্রিয় শিল্পী রাগীব আহসান। ৫৫টি আয়না সনেট কবিতা নিয়ে সাজানো এই বইয়ের সব কবিতাগুলো দুই দিক থেকেই পড়া যাবে। আয়না সনেট কবিতার অন্যতম বিশেষত্ব হচ্ছে যে এই কবিতার ভিতরে আরেকটি কবিতা আছে।

এই কবিতাগুলো দুই দিক থেকেই চৌদ্দ অক্ষরের, চৌদ্দ লাইন বিশিষ্ট, ককখখ, গগঘঘ, ঙঙচচ, এবং ছছ অন্তমিল নিয়ে সাজানো। আয়না সনেট-গুলো কোন মাত্রা (৮, ৬) নিয়ম মানে না। কিছু আয়না সনেট আবার নিচের লাইন থেকে উপরের লাইন পর্যন্ত পড়া যাবে। এ বইটির মূল্য ১৫০ টাকা নির্ধারিত করা হয়েছে।

‘শশীকাহন’ বইটি একটি ফ্যান্টাসি থ্রিলার। বইটি প্রকাশ করেছে অন্বয় প্রকাশ। মেলাতে ৬১০ নং স্টলে এই বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন বিখ্যাত শিল্পী ধ্রুব এষ। এই বইয়ের সব চরিত্রই কাল্পনিক। চন্দ্রগ্রহে বসবাসরত শশীদের নিয়ে লেখা এই বইতে বর্ণিত করা হয়েছে চন্দ্রগ্রহে শশীদের সৃষ্টির রহস্য, সূর্যগ্রহের দেবতাদের ভূমিকা, এবং চন্দ্রগ্রহের শশীদের দৈনন্দিন সংগ্রাম।

শশীরা দেখতে আধা-পাখি এবং আধা-মানুষের মত—শশীরা ডানা দিয়ে আকাশে উড়তে পারে আবার মানুষের মত চলতেও পারে। শশীদের হাতগুলো দেখতে কিছুটা পাখির ডানার মত। একসময় চন্দ্রগ্রহের দুই পরাশক্তি লাগগিন্তা রাজ্য এবং চলদাজ রাজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে। এই পৌরাণিক উপন্যাসে ধর্মের জয় ও অধর্মের পরাজয় হয়েছে। এ বইটির মূল্য ২০০ টাকা নির্ধারিত করা হয়েছে।

‘টেম্পু পাশা’ বইটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটি প্রকাশ করেছে নালন্দা প্রকাশনী। মেলাতে ২৬ নং প্যাভিলিয়নে এই বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন বিখ্যাত শিল্পী ধ্রুব এষ। উপন্যাসের মূল চরিত্র পাশা বাংলাদেশের একজন টেম্পু চালক। মানুষ হিসেবে পাশা খুবই বুদ্ধিমান এবং কর্মঠ। পেশাগত কারণেই তার নাম জনমুখে হয়ে যায় ‘টেম্পু পাশা’।

পাশার আমেরিকাতে যাওয়ার খুব শখ ছিল। আমেরিকাতে অবৈধ পথে আসার সময় তাকে নানা অসহনীয় বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়। সে অসহনীয় বাধা-বিপত্তি তাকে একদিন সিরিয়াল কিলার হতে বাধ্য করে। পাশা তার জীবনের বহু বাধা ফেরিয়ে নিউইয়র্কে পৌঁছে যায়। সেখানে সে বিয়ে করে এবং সংসার হয়।পাশা নিউইয়র্কে ইয়োলো ক্যাব বা ট্যাক্সি চালাত নাইট শিফটে এবং দিনের বেলায় সে তার একটি হিমায়িত ট্রাক দিয়ে মাংসের ডেলিভারি দিত। এভাবেই পাশা দিনে দিনে একজন দুর্ধর্ষ সিরিয়াল কিলার হয়ে যায়। এ বইটির মূল্য ২৭৫ টাকা নির্ধারিত করা হয়েছে।

কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম নোয়াখালী জেলার শ্রীনদ্দি গ্রামে। ওটার হাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের যাত্রা শুরু। যুক্তরাষ্ট্রে একটি স্নাতক ডিগ্রী, চারটি স্নাতকোত্তর ডিগ্রী, এবং দুটি ডক্টরেট ডিগ্রী (একটি পি এইচ ডি এবং একটি ডক্টরেট অব সাইকোলোজি) সম্পূর্ণ করেন।

বর্তমানে তিনি আরও দুইটি ডক্টরেট ডিগ্রীতে অধ্যয়নরত। গত পাঁচ বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্ককে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। তিনি হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কেও মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করছেন।

অধিকন্তু, গত সাত বছর ধরে পেশায় একজন পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডিতে) একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেব কর্মরত আছেন।কবি ড. রাজুব ভৌমিক আয়না সনেটের জনক। আয়না সনেটের সৃষ্টির মাধ্যমে তিনি সারা বিশ্বে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টিরও বেশি। সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি বই পাঠ্যপুস্তক হিসেবে নিয়মিত ব্যবহৃত হয়।

বাংলানিউজসিএ/ঢাকা/ ২৮ জানুয়ারি ২০২০ /এমএম


Array