Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির মূলধন পরিস্থিতি শক্তিশালী করতে সর্বোচ্চ ২ বিলিয়ন দিরহাম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সরকার। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের (সিবিইউএই) উদ্বেগের পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রতিশ্রুতি দেন অর্থ বিভাগের সচিব ড. মো. খাইরুজ্জামান মজুমদার।

চিঠিতে বলা হয়, জনতা ব্যাংকের সংযুক্ত আরব আমিরাতের কার্যক্রমের মূলধন ও নিয়ন্ত্রক সংক্রান্ত বিষয় নিয়ে সিবিইউএইর পাঠানো চিঠির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে নিয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, জনতা ব্যাংক বাংলাদেশের সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটির মালিক হিসেবে সরকারে আর্থিক ও মূলধন পরিস্থিতি শক্তিশালী করতে এবং সংযুক্ত আরব আমিরাতে ব্যাংকটির কার্যক্রম অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

অর্থ বিভাগ জানায়, সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের শাখা পর্যায়ের মূলধন সংক্রান্ত প্রয়োজন ইতোমধ্যে ৩০ কোটি দিরহাম পাঠানোর মাধ্যমে পূরণ করা হয়েছে। তবে ব্যাংকের আইনগত সত্তা ও প্রধান কার্যালয় পর্যায়ের মূলধন প্রয়োজন মেটাতে আরও ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অর্থ বিভাগ সিবিইউএইকে জানিয়েছে, জনতা ব্যাংকের মূলধন পরিস্থিতি শক্তিশালী করতে সর্বোচ্চ ২০০ কোটি দিরহাম (২ বিলিয়ন দিরহাম) অথবা সমপরিমাণ অর্থের প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত নেওয়ার জন্য সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

চিঠিতে আরও বলা হয়, এ প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ বিভাগ জনতা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন করবে। এ ক্ষেত্রে প্রচলিত আইন, বিধি ও সরকারি প্রক্রিয়া অনুসরণ করা হবে। এ বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হলে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মূলধন সংক্রান্ত নিয়ন্ত্রক শর্ত পূরণে সরকারের এ প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। বিশেষ করে শাখা পর্যায়ের মূলধন ঘাটতি মেটাতে ৩০ কোটি দিরহাম পাঠানোর পর এবার প্রধান কার্যালয় বা আইনগত সত্তা পর্যায়ের মূলধন শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থ বিভাগের চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের চলমান সহযোগিতা ও সমর্থনের জন্য সরকারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানানো হয়েছে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৩ সেপ্টেম্বর ২০২৬/এএ


Array