Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ফের বাড়তি দরে বিক্রি হচ্ছে ডলার। খোলাবাজারে এখন প্রতি ডলার বিক্রি হচ্ছে ১২৯ টাকায়। এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য ব্যাংকিং চ্যানেলে আমদানি দায় পরিশোধে প্রতি ডলারের দর ১২৪ টাকা ৮০ পয়সা দিতে হচ্ছে। অর্থাৎ ব্যাংকের তুলনায় খোলাবাজারে প্রতি ডলার ৪ টাকা ২০ পয়সা বেশি দরে বিক্রি হচ্ছে। চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরবরাহ না বাড়ায় বাজারে ডলারের এ দাম বৃদ্ধি পাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি আমদানি ব্যয় বৃদ্ধি, শিল্পের কাঁচামাল কেনা এবং আমদানি দায় পরিশোধের চাপের কারণে ডলারের চাহিদা বেড়েছে। বিপরীতে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়লেও চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাজারে ডলারের সরবরাহ বাড়ছে না। এতে বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ডলারের দাম বাড়লে আমদানি ব্যয়ের পাশাপাশি পণ্যের বাজারেও এর প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর বলেন, ‘আমদানির ব্যয় বেড়ে যাওয়ার পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, জ্বালানির দাম বেড়ে গেছে। দ্বিতীয়ত, জ্বালানি পরিবহনের শিপিং খরচ ও বিমা ব্যয়ও বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমরা জ্বালানি কিছুটা বেশি আমদানি করছি এবং একই সঙ্গে জ্বালানির দামও বেশি, তাই এ খাতে আমাদের ব্যয় বেড়েছে।’

তিনি আরো বলেন, ‘মাঝখানে আমরা দেখেছিলাম, ডলারের বিপরীতে টাকার মান শক্তিশালী হচ্ছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, খোলা বাজারে প্রতি ডলার ১২৮ থেকে ১২৯ টাকা দরে কিনতে হচ্ছে। এর অর্থ হলো, বাজারে ডলারের সরবরাহ কম। আমাদের রপ্তানি আয় মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে কিছুটা ভাটা দেখা যাচ্ছে। এর আগে আমরা রেমিট্যান্স প্রবাহে বারবার রেকর্ড হতে দেখেছি। কিন্তু মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং সেখানে চলমান যুদ্ধ পরিস্থিতি এখনো শেষ না হওয়ায় রেমিট্যান্স প্রবাহ কিছুটা কমে গেছে।’
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে জ্বালানি পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ২ দশমিক ৫০ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ ব্যয় ছিল ১ দশমিক ২৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে জ্বালানি আমদানি ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

একই সময়ে সামগ্রিক পণ্য আমদানিতে ব্যয় হয়েছে ১২ দশমিক ২০ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ১২ শতাংশ বেশি। আমদানি ব্যয় বাড়ায় ব্যাংকগুলোর ডলারের প্রয়োজনও বেড়েছে।

অন্যদিকে, খোলাবাজারে নগদ ডলারের চাহিদাও রয়েছে। বিদেশে ভ্রমণ, চিকিৎসা, শিক্ষা ও ব্যক্তিগত প্রয়োজনে নগদ ডলার কিনতে হয়। সরবরাহ সীমিত থাকলে এ বাজারে দাম বাড়ার প্রবণতা তৈরি হয়।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০৯ নভেম্বর ২০২৬/এএ


Array