প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: তুরস্কের বহুল আলোচিত ঐতিহাসিক মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় দর্শকদের সামনে আসছে। বেসরকারি টেলিভিশন নাগরিক টিভি ও দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সংস্করণ সম্প্রচার শুরু হবে।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে সিরিজটি প্রচার করা হবে।
দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই মেগাসিরিজে মুসলিম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, নেতৃত্ব, সংগ্রাম ও বীরত্বগাথা তুলে ধরা হয়েছে। ক্রুসেডারদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধারের অভিযান, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা, রাজনৈতিক দূরদর্শিতা, সামরিক কৌশল এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার নানা অধ্যায় এতে স্থান পেয়েছে।
তুরস্কে সম্প্রচারের পর থেকেই বিশাল বাজেটের সেট নির্মাণ, মনোমুগ্ধকর সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের কারণে সিরিজটি দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
সংবাদ সম্মেলনের শেষ পর্বে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের জন্য একটি র্যাফেল ড্ররও আয়োজন করা হয়। এতে বিজয়ীদের মধ্যে এসি, টেলিভিশন ও স্মার্টফোনসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/০১ জুলাই ২০২৬/এএ





