Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বিশ্বব্যাপী গুপ্তচর সংস্থা সিটাডেলের পতন ঘটেছে এবং এর এজেন্টদের স্মৃতি মুছে ফেলা হয়েছে। এখন সেই শূন্যতার সুযোগে মাথাচাড়া দিয়ে উঠছে শক্তিশালী সিন্ডিকেট। সিটাডেলের এজেন্টরা এখন কী করবেন? সেই প্রশ্নের উত্তর দিতে আসছে ‘সিটাডেল সিজন টু’।

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া অ্যাকশন-প্যাকড ‘সিটাডেল’-এর প্রথম সিজনে ঝড় তুলেছিলেন। দুর্ধর্ষ অ্যাকশনে ওটিটি প্ল্যাটফর্ম মাতিয়ে রাখেন। এবার জনপ্রিয় এ সিরিজটির পরিচালক ও নির্বাহী প্রযোজক ডেভিড ওয়েল ঘোষণা দিলেন, ‘সিটাডেল সিজন টু’ আসছে আগামী ৬ মে। বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সিজনের প্রিমিয়ারের তারিখ ঘোষণা করে অফিসিয়াল ট্রেলার উন্মোচন করেছে প্রাইম ভিডিও। ওটিটি প্ল্যাটফর্মে বিশ্বজুড়ে ২৪০টিরও বেশি দেশ ও অঞ্চলে একসঙ্গেই দেখা যাবে সিরিজটি।

স্পাই থ্রিলারটিতে রিচার্ড ম্যাডেন, প্রিয়াঙ্কা চোপড়া ও স্ট্যানলি টুচি একটি সংস্থার অভিজাত এজেন্ট। সংস্থাটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরিবারগুলোর মদদপুষ্ট এক নির্মম নেটওয়ার্ক, ম্যান্টিকোরের দ্বারা ধ্বংস হয়ে যায়। নতুন সিজনে সেই তিন এজেন্টকে আবার ডাকা হয়। মানবতাবিধ্বংসী একটি ষড়যন্ত্র থামানোর জন্য বিশ্বব্যাপী একটি মিশন শুরু করতেই তাদের শরণাপন্ন হতে হয়।

নতুন সিজনে মূল সিজনের কিছু পরিচিত মুখ যেমন লেসলি ম্যানভিল ও অ্যাশলি কামিংসকেও দেখা যাবে। এবারের সিজনটি আগের চেয়েও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে।

অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুশো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক অ্যান্থনি রুশো ও জো রুশো। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস কীভাবে ম্যান্টিকোরে বিরুদ্ধে লড়াই করে মানবজাতিকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাবেন—তা দেখার অপেক্ষায় ভক্তরা।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৩ এপ্রিল ২০২৬/এএ


Array