Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: নিউইয়র্কে নিলামে ৫৫০ কোটি টাকারও বেশি দামে বিক্রি হয়েছে একটি ডাইনোসরের কঙ্কাল। ‘জোডি’ নামে পরিচিত কঙ্কালটির দাম উঠেছে ৪ কোটি ৭৩ লাখ ডলার। গত মঙ্গলবার এই নিলামের আয়োজন করে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথেবি। কঙ্কালটি কিনতে আগ্রহ দেখান ছয়জন ক্রেতা। টানা ১২ মিনিট দরকষাকষির পর এটি বিক্রি হয়। তবে ক্রেতার পরিচয় প্রকাশ করা হয়নি।

কঙ্কালটির উচ্চতা প্রায় ১০ ফুট বা ৩ মিটার। এতে রয়েছে প্রায় ১৯১টি জীবাশ্ম হাড়ের অংশ। এর মাথার খুলিও প্রায় সম্পূর্ণ অবস্থায় সংরক্ষিত রয়েছে।

তবে এই কঙ্কালের সবচেয়ে বড় বিশেষত্ব এর দাম নয়, বরং এর পরিচয়। একসময় বিজ্ঞানীরা এটিকে টাইরানোসরাস রেক্স বা টি-রেক্সের কিশোর বয়সের কঙ্কাল বলে মনে করতেন। পরে গবেষণায় নিশ্চিত হয়, এটি ন্যানোটির্যানাস নামের স্বতন্ত্র একটি গণের ডাইনোসর।

প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বিচরণ করত এই মাংসাশী ডাইনোসর। একই সময়ে বসবাস করত টি-রেক্সও। তবে ন্যানোটির্যানাস ছিল আকারে ছোট ও গড়নে সরু। এর দাঁত ছিল মাংস কাটার উপযোগী, ধারালো ও ব্লেডের মতো।

যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি খামারে কঙ্কালটি আবিষ্কার করেন জোডি পিয়ারসন। পরে জীবাশ্মবিদ ক্লেটন ফিপস এটি খনন করে উদ্ধার করেন। তার আবিষ্কৃত আরেকটি গুরুত্বপূর্ণ জীবাশ্ম ‘ডুয়েলিং ডাইনোসরস’ ন্যানোটির্যানাসকে স্বতন্ত্র গণ হিসেবে শনাক্ত করার গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞানীদের কাছে এ ধরনের মাত্র তিনটি কঙ্কাল পরিচিত। ন্যানোটির্যানাসের স্বতন্ত্র পরিচয় নিশ্চিত হওয়ার পর এটিই প্রথমবারের মতো নিলামে উঠল বলে জানিয়েছে সোথেবি।

এই বিক্রির মধ্য দিয়ে জোডি এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি ডাইনোসরের জীবাশ্মগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এর আগে ‘গাস’ নামে একটি টি-রেক্সের কঙ্কাল ৫ কোটি ১০ লাখ ডলারে বিক্রি হয়েছিল। আর ‘এপেক্স’ নামের একটি স্টেগোসরাসের কঙ্কাল বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৬ লাখ ডলারে।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/২৯ অক্টোবর ২০২৬/এএ


Array