Menu

আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক প্রবাস বাংলা ভয়েস :: বিশ্বের দরিদ্র সম্প্রদায় এবং দুর্যোগ কবলিত অঞ্চলের সুবিধাবঞ্চিতদের সেবা করার প্রত্যয় নিয়ে হিউম্যানিটি ফার্স্ট ক্যালগেরির বাইতুন নুর মসজিদে কানাডার স্থানীয় সময় শনিবার তহবিল সংগ্রহে ইফতার ও নৈশভোজের আয়োজন করে।

শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য হিউম্যানিটি ফার্স্ট সাহায্য করে আসছে। বর্তমানে ছয়টি মহাদেশের ৬৭টি দেশে হিউম্যানিটি ফার্স্ট কাজ করে চলেছে। এছাড়াও জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ECOSOC) এর সাথে পরামর্শমূলক মর্যাদা পেয়েছে হিউম্যানিটি ফার্স্ট।

কমিউনিটি কেয়ার, দুর্যোগ ত্রাণ, খাদ্য নিরাপত্তা, জ্ঞান অর্জন, পানি সরবরাহ, দৃষ্টিশক্তি দানে সহযোগিতা, এতিমখানার প্রতি সহযোগিতার হাত সম্প্রসারণ এবং বিশ্ব স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে হিউম্যানিটি ফার্স্ট।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। এ সময় ক্যালগেরির এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. বাতেন সহ উপস্থিত ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ ও কমিউনিটি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাংবাদিকসহ অন্যান্যরা।

এবিএম কলেজের প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, মানুষ মানুষের জন্য এই ধারণাকে ধারণ করে হিউম্যানিটি ফার্স্ট সারাবিশ্বে সেবার ব্রত নিয়ে সমাজের কাঠামো ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য যে অগ্রগণ্য ভূমিকা রাখছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। এ সংগঠনের সাথে জড়িত হতে পেরে গর্বিত বোধ করছি।

প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৫ মার্চ ২০২৬/এএ


Array