আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: ভয়ংকর শীতে কাঁপছে গোটা ক্যালগেরি ও আলবার্টার আশেপাশের শহর। প্রচন্ড ঠাণ্ডা আর তুষারে জমে যাচ্ছে মানুষ। গত সোমবার থেকে শুরু হওয়া প্রচন্ড ঠান্ডা একটানা চলছে মাইনাস ২৩থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আবহাওয়া সূত্রে জানা গেছে শুরু হওয়া এই তীব্র ঠাণ্ডা কয়েকদিন থাকবে।
ক্যালগেরি পুলিশ সূত্রে জানা গেছে, রাস্তা পিচ্ছিল ও প্রচন্ড ঠান্ডায় বেশ কয়েক স্থানে দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে গুরতর অবস্থায় কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে বিলম্বিত হচ্ছে বিমানের নির্ধারিত ফ্লাইট। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। কোনো কোনো ক্ষেত্রে এই বিলম্বের সময় ছিল ৪ থেকে ৬ ঘণ্টা। আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।কানাডার দুই প্রধান এয়ারলাইনস এয়ার কানাডা এবং ওয়েস্টজেট সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে ক্যালগেরি শহর ঘন বরফের আস্তরণে ছেয়ে গেছে সড়ক। পিচ্ছিল সড়কে ঘটছে দুর্ঘটনা। সড়কের যানবাহন গুলো খুব ধীর গতিতে চলছে। ভয়াবহ ঠাণ্ডা আর বরফাচ্ছন্ন পরিস্থিতিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
এদিকে তুষারের প্রকোপে ক্যালগেরির গণপরিবহন বাস চলাচলে ব্যাঘাত ঘটেছে। নির্ধারিত সময়ের মধ্যে আসতে না পারায় অনেক স্থানেই যাত্রীদের দীর্ঘখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।জরুরী প্রয়োজনে ছাড়া অনেকেই ঘর থেকে বাইরে বের হচ্ছে না।
সিটি অফ ক্যালগেরি এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বিশেষ বুলেটিনে সতর্কতার মাধ্যমে সবাইকে চলাচলের নির্দেশ দিচ্ছে।
প্রবাস বাংলা ভয়েস/কানাডা/১৮ ফেব্রুয়ারি ২০২৬/এএ





