আহসান রাজীব বুলবুল, প্রধান সম্পাদক, প্রবাস বাংলা ভয়েস :: কানাডার টাম্বলর রাইজ শহরের টাম্বলর রিজ স্কুলে ভয়াবহ বন্দুক হামলায় মোট ১০ জন নিহত হয়েছে। যার মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে। পুলিশ জানিয়েছে, স্কুলে গুলির ঘটনায় ৮ জন মারা যান এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কানাডার স্থানীয় সময় আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর প্রায় ১টা ২০ মিনিটে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ একটি “অ্যাকটিভ শুটার” সংক্রান্ত কল পায়। ঘটনাস্থল ছিল টাম্বলর রিজ সেকেন্ডারি স্কুল। প্রত্যক্ষদর্শী ও পুলিশি সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আজ স্থানীয় সময় সকালের দিকে যখন স্কুলের প্রথম পিরিয়ডের ক্লাস চলছিল, ঠিক তখনই হামলাটি শুরু হয়।
পুলিশ স্কুলের ভেতরে প্রবেশ করে ছয়জন ভুক্তভোগীকে মৃত অবস্থায় পায়। সেখানেই হামলাকারীর মরদেহও উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
গুরুতর আহত দু’জনকে এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তে একটি দ্বিতীয় স্থান চিহ্নিত করা হয়, যা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। সেই বাড়ি থেকে আরও দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১০ জনে।
পুলিশ জানিয়েছে, ২৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর পুরো এলাকায় “শেল্টার ইন প্লেস” নির্দেশ জারি করা হয়েছিল—অর্থাৎ বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদে থাকার নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ নিশ্চিত করে যে আর কোনো সন্দেহভাজন নেই এবং জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। এরপর নির্দেশ তুলে নেয়া হয়।
প্রবাস বাংলা ভয়েস /কানাডা/১১ ফেব্রুয়ারি ২০২৬/এএ





