বাংলানিউজসিএ ডেস্ক :: ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিউইএফ) এর ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াদিল্লির পালাম বিমানবাহিনী স্টেশনে পৌঁছান তিনি।এর আগে সকাল ৮টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৩০ ভিভিআইপি ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
আজই শেখ হাসিনা হোটেল তাজ প্যালেসের দরবার হলে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগদান করবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে পানিবণ্টন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে কমপক্ষে ১২টি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিং করার সময় এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরকালে প্রকৃতপক্ষে কয়টি চুক্তি হতে পারে, এ ব্যাপারে আমি নিশ্চিত করে কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, কমপক্ষে ১০ থেকে ১২টি চুক্তি স্বাক্ষর হতে পারে।
সফরের শেষ দিন রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর চলচ্চিত্র নির্মাণের কাজ করছেন ভারতীয় এই নির্মাতা।এরপর দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী। এদিন রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
বাংলানিউজসিএ/ঢাকা/ ০৩ অক্টোবর ২০১৯/ এমএম





