Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: গরম ধোঁয়া ওঠা চায়ের কাপে চুমুক দিলেই প্রশান্তি। বার বার ফোটানো চায়ে এক ধরনের তিতকুটে স্বাদ পাওয়া যায়। এমন একটি অভিযোগ আছে অনেকের। চা খাওয়ার পর গলা-বুক জ্বলে। গ্যাসের সমস্যা থাকলেও অনেকে আড্ডার আনন্দে অনেক কাপ চা খান। পুষ্টিবিদেরা বলছেন, দুধ চা খেলেই যে শরীর খারাপ হবে, এমন নয়। দোকানের দুধ চায়ের দুধ ঘন জ্বালে রাখা হয়। আর এই ঘন জ্বালে রাখার ফলেই শারীরিক সমস্যা দেখা দেয়। আবার বাড়িতেও অনেকে দুধ চা ফুটিয়ে পান করেন। এই অভ্যাস খারাপ। কেন? এ ব্যাপারে কয়েকটি কারণ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাজমা শাহীন।

পুষ্টিগুণ নষ্ট ও স্বাদ বদলে যায়
একাধিক বার দুধ চা ফোটালে দুধের মধ্যে থাকা ভিটামিন বি১২ এবং ভিটামিন সি-এর পুষ্টিগুণ নষ্ট হয়। বার বার দুধ চা ফোটালে তার স্বাদ বদলে যায়। অনেক সময়ে এই পানীয়ে পোড়া গন্ধ ধরে যেতে পারে। চা পাতার মধ্যে রয়েছে ক্যাথেচিন ও পলিফেনল নামক দু’টি অ্যান্টিঅক্সিড্যান্ট। বার বার চা ফোটালে এই উপাদানের গুণাগুণ নষ্ট হয়।

ক্যানসারের ঝুঁকিও কম নয়
বার বার দুধ চা ফোটালে এই পানীয়ের মধ্যে ‘অ্যাক্রাইলেমাইড’ নামক বিশেষ একটি উপাদান তৈরি হয়। ফলে ক্যানসার হওয়ার শঙ্কা থেকেই যায়।

গ্যাস হবেই
দুধ চা খেলে অনেকেরই গ্যাস হয়। দুধ অনেকক্ষণ ফোটালে তার পিএইচের ভারসাম্য নষ্ট হয়। তাই এই পানীয়টি আরও অ্যাসিডিক হয়ে ওঠে। তাই ফোটানো দুধ চা খেলে পেটে অস্বস্তি হতে পারে। গলা-বুক জ্বালাও করতে পারে।

প্রবাস বাংলা ভয়েস /ঢাকা/ ২৪ মে ২০২৪ /এমএম

 

 


Array