প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: ফ্যাশনে দিনের পর দিন নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। বছরে কয়েকবার করে পাল্টাতে থাকে ফ্যাশন ট্রেন্ড। এককালে যেমন জামদানি, তাঁত কিংবা ঐতিহ্যবাহী শাড়ির প্রচলন ছিল অনেক। আজকাল সেক্ষেত্রে হ্যান্ডপেইন্ট, ব্লকসহ আরও নানান ধরনের শাড়ির প্রচলন দেখা দিয়েছে। শুধু শাড়ি নয় সব ধরনের পোশাকেই এসেছে ভিন্নধর্মী ছোঁয়া। আর এসব বিষয়ে বিভিন্ন অনলাইন পেইজগুলো নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছে ভিন্নধর্মী উদ্যোগ নেওয়ার। তেমনি এক উদ্যোগের নাম শুকসারী।
শুকসারীর যাত্রা শুরু হয় ২০১৭ সালে মিথিলা কবির ও আনন্দময়ী প্রমা নামের দুই বন্ধুর হাত ধরে। দুজনেই পড়াশোনা করেছেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনের উপর। অন্যান্য অনলাইন ব্যবসাগুলোতে যেমন দেখা যায়, শুরুতে তেমন সফলতা মেলে না কারও। ধীরে ধীরে বাড়ে জনপ্রিয়তা এবং মেলে সফলতা। তবে শুকসারীর ভিন্নধর্মী ডিজাইনে, পোশাকে নতুনত্বের ছোঁয়া থাকায় শুরু থেকেই শুকসারী বেশ ভালোই সফলতা পায়।
পোশাকে যেকোনো একটি থিম ফুটিয়ে তোলার চেষ্টা থাকে শুকসারীর। কখনও বাংলা সিনেমা নিয়ে, কখনও রিকশা পেইন্ট, কখনও ভ্যানগগ। চিত্রগুলো পোশাকের আড়ালে যেন জীবন্ত হয়ে ধরা দেয়। আর এসব ডিজাইনই তাদের নিজস্ব ডিজাইন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীরসহ আরও অনেক জনপ্রিয় মানুষদেরই পরতে দেখা গেছে শুকশারীর পোশাক।
বিভিন্ন দিবসে শুকসারী নিয়ে আসে নিত্যনতুন থিম। এই যেমন এই বসন্তে শুকশারী তাদের শাড়ির ভাঁজে তুলে ধরেছে বাগানবিলাস, বেহুলার গল্প, রূপসী বাংলা আরও কত কি। আবার থ্রীপিসেও রয়েছে কত থিম – বুনোফুল, গুলাবী, সুচিত্রা ইত্যাদি। ওড়নাতে আবার রয়েছে দিনলিপি, শর্বরীর মতো আরও নানান থিম। এক কথায় নিত্যনতুন থিম নিয়ে কাজ করে যাচ্ছে শুকসারী।আপাতত শুকসারীর কোনো শোরুম না থাকলেও কয়েকবছরের মধ্যেই নিজেদের শোরুম প্রতিষ্ঠা করতে চান শুকসারীর দুই নারী প্রতিষ্ঠাতা। তাদের কাজ তুলে ধরতে চান বিশ্ব-দরবারে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৮ ফেব্রুয়ারি ২০২৩ /এমএম





