প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: শহুরে কর্মব্যস্ত জীবনে ঘুম নিয়ে হাপিত্যেশ থাকে কমবেশি সবারই। জীবন ও জীবিকার তাগিদে প্রতিদিনই ছুটে চলতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তখন মনে হয় ছুটিছাটায় খানিটা বেশি ঘুমিয়ে ক্লান্তি দূর করে নেওয়া যাবে।ঈদের ছুটি বেশি বেশি ঘুমানোর সেই সুযোগ এনে দেয়। ঘণ্টার পর ঘণ্টা ঘুময়ে থাকেন অনেকে। কিন্তু জানেন কি, বাড়তি ঘুম শরীরের জন্য মোটেও ভালো নয়। ঈদ কেন, সাপ্তাহিক ছুটির দিনেও বেশি ঘুমানো ঠিক নয়।
এটা ঠিক যে সুস্থ থাকতে প্রতিদিন পর্যাপ্ত ঘুম খুব দরকার। অল্প ঘুম হলেও যেমন শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যায় পড়তে হবে তেমনি অতিরিক্ত ঘুমও শরীরে নানা ঝক্কি বয়ে আনতে পারে। ঈদ ছুটিতে ১০-১১ ঘণ্টাই ঘুমাচ্ছেন আর হয়তো ভাবছেন, ২৪ ঘণ্টা যদি ঘুমানো যেত, তাহলে ভালো হতো।শহুরে কর্মব্যস্ত জীবনে ঘুম নিয়ে হাপিত্যেশ থাকে কমবেশি সবারই
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশন সাম্প্রতিক সময়ে তাদের একটি গবেষণায় জানিয়েছে, ১৮ থেকে ৬৪ বছর বয়সী একজন মানুষের ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমই যথেষ্ট সুস্থ থাকার জন্য। অন্যান্য বিভিন্ন গবেষণা বলেছে, মস্তিষ্কের সুস্থতার জন্য ৭ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত।
ভালো ঘুম যেমন চেহারা সুন্দর করে তেমনই অতিরিক্ত ঘুম শারীরিক বৈকল্য, বিষণ্নতা, প্রজনন ক্ষমতা কমে যাওয়া, শরীরে অতিরিক্ত ব্যথা অনুভূতি, স্থূলতা, ডায়াবেটিস বেড়ে যাওয়া এবং হৃদ্যন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়ায়। তাই ঈদ ছুটিতে অতিরিক্ত ঘুম নয়। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ওঠার অভ্যাস করতে হবে। মনে রাখবেন, ৭ ঘণ্টা ঘুমালেই ঝরঝরে লাগবে নিজেকে। বেশি ঘুমিয়ে অযথা নিজেকে রোগবালাইয়ের কাছে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২২ /এমএম





