Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ গ্রীষ্ম এলেই ফ্যাশনে ঢিলেঢালা পোশাকের আধিপত্য দেখা যায়। কারণ গরমে আরামদায়ক পোশাকের কোনো বিকল্প নেই। ভ্যাপসা গরমে মাঝেমধ্যে বৃষ্টির হলেও কাটেনা গরমের প্রভাব। তাই গরমে একটু আরাম পেতে হালকা রং, পাতলা কাপড়, আরামদায়ক কাটের পোশাক পরুন।

গরমে হালকা রঙয়ের পোশাক পরাই ভালো। হালকা নীল, সাদা, গোলাপি, লেমন কালার, হালকা বেগুনি, আকাশি এসব রঙের পোশাকই গরমে আরামদায়ক। তবে অনেকেই উজ্জ্বলতার ছোঁয়া রাখতে চান পোশাকে। এ সময়টাতে কুর্তি সব কমবেশি নারীই পরতে পছন্দ করেন। লম্বা কামিজ অথবা গোল হলেও আরামদায়ক হয় কুর্তি। রং ও ডিজাইনের পার্থক্যে সুতি বা হালকা ফেব্রিক্সের কুর্তি বেছে নিতে পারেন গরমে।

গরমে যেকোনো হালকা রঙের সুতি কাপড় নির্বাচন করতে পারেন পোশাক তৈরির জন্য। কারণ সুতি খুব হালকা হয় আর সুতার তৈরি বলে সুতির কাপড়ের মধ্যে দিয়ে সহজেই বাতাস চলাচল করতে পারে। তাই সুতির কাপড় শরীর ভেতর থেকে ঠাণ্ডা রাখে। এ ছাড়া খাদি, লন ক্লথ, সিরসাকার, ফ্রিস্কো, শিফন বা জর্জেটের কাপড়ের পোশাক বেছে নিতে পারেন। যদি শিফন বা জর্জেটের কামিজ বানিয়ে নিতে চান, তাহলে ভেতরের শেমিজটা পাতলা সুতি কাপড় দিয়ে বানিয়ে নিলে ভালো হয়।

গরমে পোশাকের প্যাটার্নে স্লিভে বেছে নিতে পারেন বেল স্লিভ, ফ্রিল দেওয়া স্লিভগুলো। ঠিক কনুই পর্যন্ত নয় বরং কনুই ছাড়িয়ে খানিকটা নিচ পর্যন্ত কাটিং পছন্দ এখনকার ফ্যাশন সচেতন মেয়েদের। নেক লাইনে ফিতা বা বোতামের ব্যবহার আর কুর্তির ক্ষেত্রে নেক লাইনে করতে পারেন নতুন নকশার নতুন কোনো নিরীক্ষা। এ ক্ষেত্রে মনে রাখবেন, নিচের অংশের কাটিং কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। পোশাকে নতুনত্ব নিয়ে আসা যেতে পারে মুন শেইপ, ওভাল শেইপ আবার কখনোবা পেছনের অংশে ঝুল রাখা। মানে সমান করে নয়, বরং বড়-ছোট করে প্যাটার্নের চল চলছে গরমে আরাম ফ্যাশনে।

দেশের অন্যতম ফ্যাশন হাউজ অঞ্জন’স গরমের সময়টাতে তাদের সালোয়ার কামিজের প্যাটার্নে রেখেছে নতুনত্ব। কাটিংয়ের ক্ষেত্রে ভিন্নতা নজর কাড়ছে তরুণীদের। সালোয়ার কামিজের ক্ষেত্রে স্ক্রিন ও কারচুপি, ব্লক ও এম্ব্রয়ডারিসহ বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে। একই সঙ্গে অনেক রঙের সমাহার যেমন আছে তেমনই ম্যাচিং ডিজাইনেও করা হয়েছে কামিজগুলো। সালোয়ার কামিজের পাশাপাশি মেয়েদের বিভিন্ন রকম টপস ও সিঙ্গেল কামিজ পাওয়া যাচ্ছে অঞ্জন’স -এ। আর লিনেন কটন কাপড়ের উজ্জ্বল রঙের এই টপসগুলোতে ডিজাইন ও প্যাটার্নে আছে নতুনত্ব।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ জুন  ২০২২ /এমএম


Array