Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ পুরান ঢাকা বা বেইলি রোডের ইফতার ঐতিহ্যের পাশাপাশি পাঁচ তারকা হোটেলেও আয়োজিত হয়ে থাকে রাজকীয় ইফতারে। গত বছর করোনার প্রকোপে পাঁচ তারকা হোটেলগুলো রমজানের বিশেষ আয়োজন না করলেও করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় এ বছর রাজধানীর পাঁচ তারকা হোটেলগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও বিশেষ ইফতারের আয়োজন করেছে। প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার এবং বুফে ডিনারে স্পেশাল জিলাপি, স্পেশাল হালিম, মুখরোচক কাবাব, খাসির নিহারি, বিরিয়ানির পাশাপাশি রয়েছে দেশীয় ইফতারও।

এ ছাড়াও নানা ধরনের রিফ্রেশিং ড্রিংক লাচ্ছি, ফ্রেশ জুস, এবং বিশেষ ডেজার্টের আলাদা আয়োজন রয়েছে।প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ নাফিউজ্জামান বলেন, ‘এবারের ইফতারে আমরা মধ্যপ্রাচ্য আর উপমহাদেশের খাবারের সমন্বয় করেছি। নানান আইটেমের পাশাপাশি আমাদের বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে হালিম এবং জিলাপি। প্রতি কেজি জিলাপির দাম দুই হাজার টাকা। বড় হালিমের মূল্য তিন হাজার ২০০ টাকা এবং ছোট হালিমের মূল্য দুই হাজার টাকা।এ ছাড়া প্রতিজনের ইফতার বক্স চার হাজার ৫০০ টাকা। এক্ষেত্রে ১৬টি বিভিন্ন ব্যাংকের কার্ডের জন্য বাই ওয়ান গেট ওয়ান অফার চলছে। এ ছাড়া এবি ব্যাংকের কার্ডের মাধ্যমে লবি থেকে কোনো প্রকার ইফতারি আইটেম ক্রয় করলে তার ওপর ১০ শতাংশ ছাড় রয়েছে।

কথা হয় ইফতার কিনতে আসা অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব হাসানুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, ‘প্রিমিয়াম ইফতারির স্বাদ নেয়ার জন্য মূলত এখানে আসা। দেশি বিদেশি নানারকম খাবার থাকায় একটা ভিন্নরকম ভ্যারিয়েশন পাওয়া যায়। তাছাড়া এখানকার বিশেষ জিলাপি আমার পরিবারেরও খুব পছন্দের।’নাফিউজ্জামান বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে রেগুলার প্রাইস ধরে রাখাটা কষ্টকর। তবে আমাদের মূল উদ্দেশ্য ক্রেতাদের কাছে খাবারের মান বজায় রাখা।’

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ০৭ এপ্রিল ২০২২ /এমএম


Array