Menu

প্রবাস বাংলা ভয়েস ডেস্ক ::‌ প্রতিদিনই বাড়ছে চৈত্রের রোদে আঁচ। কড়াে রোদের দাপটে ত্বকের ক্ষতি হয় বেশি। রোদের প্রচণ্ড তাপ ত্বকের স্বাভাবিক রঙ নষ্ট করে দেয়। ত্বকে কালো ছোপ ছোপ দাগ তৈরি হতে পারে।অন্যদিকে গরমে ঘাম জমে বিশ্রী অবস্থা হয়ে যায় মুখচোখের। স্বাভাবিকভাবেই বেড়ে যায় ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের আশঙ্কা। সেজন্য ত্বকের শীতলতা বজায় রাখা খুব দরকার। এ সময় পর্যাপ্ত পরিমাণ পানি, ফলের রস পান করা যেমন জরুরি তেমনি দরকার ত্বককে বাইরে থেকে ঠাণ্ডা রাখা।

ঠাণ্ডা পানির ঝাপটা দিন: বাইরে থেকে ঘরে ঢুকে যেমন ভালোভাবে হাত-পা ধুতে হবে, তেমনই মুখেও বারবার ঠাণ্ডা পানির ঝাপটা দেবেন। সঙ্গে ব্যবহার করুন শসা বা মিন্টের নির্যাসযুক্ত ফেসওয়াশ। ঘরে থাকার সময়ও নির্দিষ্ট সময় পর পর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।

ফেসিয়াল মিস্ট: বারবার মুখে পানি দিতে ইচ্ছে না করলে ব্যবহার করতে পারেন ফেস মিস্ট। দুই-তিনবার স্প্রে করে নেবেন মুখে, ত্বক থাকবে সতেজ ও সুগন্ধির মতো চমক জাগানো।

গরমে স্বাভাবিকভাবেই বেড়ে যায় ব্রণ, ফুসকুড়ি, র‍্যাশের আশঙ্কা। সেজন্য ত্বকের শীতলতা বজায় রাখা খুব দরকার
ফ্রিজে রাখুন ক্রিম-ময়শ্চারাইজার: ময়শ্চারাইজার, ক্রিম, বডি লোশনের মতো ত্বক পরিচর্যার সামগ্রী ফ্রিজে রাখার দুটি উপকারিতা আছে। প্রথমত, ফ্রিজে রাখলে এ সব জিনিসের কার্যকারিতা অনেক বেড়ে যায়, চট করে নষ্ট হয় না, আর দ্বিতীয়ত, ত্বক ঠাণ্ডা থাকে।

ত্বক শীতল রাখার মাস্ক: ত্বক ঠাণ্ডা রাখতে আস্থা রাখুন শসায়। গরমে ত্বক জ্বালা করলে শসার মাস্ক নিমেষে স্নিগ্ধতা জোগাবে। শসা ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নেবেন। তারপর থেঁতো করে রস বের করুন। তুলায় করে এই রস নিয়ে মুখে মাখুন। পরে শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন। এতে ত্বক শীতল তো হবেই, ত্বকের আর্দ্রতাও বজায় থাকবে।

বরফে আরাম: ত্বক দ্রুত ঠাণ্ডা করতে হলে বরফের চেয়ে ভালো আর কিছু নেই। পরিষ্কার রুমালে বরফ মুড়ে মুখে আলতো করে বুলিয়ে নিন। এতে মুখের প্রদাহ কমবে, রক্ত সংবহন বেড়ে মুখ উজ্জ্বলও দেখাবে।

প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৯ মার্চ ২০২২ /এমএম

 


Array