প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: কাঁচামরিচ আমরা মোটামুটি সবাই চিনি। ভিটামিন সি-সমৃদ্ধ কাঁচামরিচ গ্রামের মানুষের একটা প্রিয় খাবার। কথায় আছে একটা মরিচ খানিকটা পেঁয়াজ আর একটু খাঁটি সরিষার তেল হলে একপ্লেট ভাত খেতে পারেন একজন কৃষক, একজন দিনমজুর অথবা একজন অতি সাধারণ দরিদ্র মানুষ।
কী আছে এই কাঁচামরিচে। পুষ্টিতথ্য অনুসারে, প্রতি ১০০ গ্রাম কাঁচামরিচের খাদ্যশক্তি ৩৯ কিলোক্যালরি। আর খাদ্য উপাদান হচ্ছে, চর্বি দশমিক ৪ গ্রাম, কোলেস্টেরল শূন্য, লবণ ৯ মিলিগ্রাম, পটাশিয়াম ৩২২ মিলিগ্রাম, শর্করা ৯ গ্রাম, খাদ্য-আঁশ ১ দশমিক ৫ গ্রাম, প্রোটিন ১ দশমিক ৯ গ্রাম। সবচেয়ে বেশি আছে ভিটামিন সি ১৪৩ দশমিক ৭ মিলিগ্রাম। এছাড়া আছে ক্যালসিয়াম, লোহা, ভিটামিন ডি, পাইরিডক্সিন, সায়ানোকোবালামিন, ম্যাগনেশিয়াম ইত্যাদি।
আর কাঁচামরিচের রয়েছে অশেষ গুণ। যেমন—স্বাস্থ্যকর, ত্বক সুন্দর রাখে, মানসিক চাপ কমায়, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, শরীর লোহার চাহিদা মেটায়, রক্তের চিনি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, শরীরের রোগপ্রতিরোধক্ষমতা বাড়ায় এবং ব্যথানাশক, হজমে সহায়ক ও আলসার প্রতিরোধক হিসেবে কাজ করে। তাই দৈনিক অন্তত একটা কাঁচামরিচ খান, সুস্থ থাকুন।
ডা. মোড়ল নজরুল ইসলাম, চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১০ ফেব্রুয়ারি ২০২২ /এমএম





