প্রবাস বাংলা ভয়েস ডেস্ক :: বর্ষার স্যাঁতসেঁতে ভ্যাপসা আবহাওয়াতে যে কোনো ধাতুই আদ্রতা জমে স্বাভাবিক ঔজ্জ্বল্য হারায়। সোনা-রূপার গহনাও এর বাইরে নয়। এ সময় সব ধরনের গহনার বাক্সে রাখতে পারেন সিলিকা জেল, যা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেয়। বর্ষাকালে মূল্যবান বিভিন্ন গয়না ভালো রাখতে কী করবেন, জেনে নেওয়া যাক।
স্বর্ণ এবং প্ল্যাটিনাম
ভেজা পরিবেশে সোনা ও প্ল্যাটিনাম মলিন হয়ে যায়। বর্ষাকালে এই ধাতুর ঔজ্জ্বল্য যাতে না হারায়, তার জন্য ভালো ভাবে এগুলো পরিষ্কার রাখতে হবে। সাবানমিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করে নরম কাপড় দিয়ে মুছে নিন।
রূপা
বৃষ্টির দিনগুলোতে রূপায় মরচে ধরার আশঙ্কা থাকে। এ সময় রূপাতে কালচে ভাবও দেখা দিতে পারে। বর্ষাকালের ভেজা পরিবেশে রূপার ক্ষয়ও হয়। তাই একটি দাঁত মাজার ব্রাশ কিংবা নরম সুতি কাপড় দিয়ে রূপার গয়না পরিষ্কার করে নিন। তবে রূপা পরিষ্কার করতে গিয়ে পানি লাগাবেন না।
রত্ন ও পাথর
মুক্তা, প্রবাল ও অন্যান্য রত্ন খুব সূক্ষ, নমনীয় ও স্পর্শকাতর। বর্ষাকালে এ সব গয়নাতে কোনোভাবেই যেনো সুগন্ধি না লাগে। আঁচড়ও যাতে না লাগে, তার জন্য এগুলো আলাদা আলাদা বাক্সে রাখুন।
হিরা
প্রতিদিনের ব্যবহারে ধুলা-ময়লা-আর্দ্রতা লেগে হিরার ঔজ্জ্বল্য কমে যায়। তাই হিরার জিনিস ভালো রাখতে সাবানমিশ্রিত পানি দিয়ে পরিষ্কার করতে পারেন। তার পরে নরম সুতি কাপড় দিয়ে মুছে নিন।
বর্ষায় যত্নে থাকুক গয়না
বর্ষাকালে কোনো নিমন্ত্রণ থেকে বাসায় ফিরে কিছুটা বাড়তি সময় রাখবেন গয়নার সুরক্ষার জন্য। গয়নাগুলো যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে অবশ্যই পরিষ্কার সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিন। ঠিকঠাক শুকানোর পর বাক্সে রাখুন। বাক্সটি বাতাসমুক্ত এবং ভেতরে নরম কাপড় দিয়ে মোড়া থাকলে ভালো। এক্ষেত্রে টিস্যু পেপার ব্যবহার না করে সুতি কাপড়ের তৈরি বটুয়ার ভেতরে গয়না তুলনামূলক ভালো থাকে।
প্রবাস বাংলা ভয়েস/ঢাকা/ ১৪ জুলাই ২০২১ /এমএম





