বাংলানিউজসিএ ডেস্ক :: কাজু বাদাম, কফি, ড্রাগন ফলসহ দেশে অপ্রচলিত ফসলের চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াজাতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
বৃহস্পতিবার তার সরকারি বাসভবন থেকে উপজেলা পর্যায়ে কৃষি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসারদের অনুকূলে গাড়ি বিতরণকালে একথা বলেন তিনি। কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, প্রচলিত ফসলের সঙ্গে কাজু বাদাম, কফি, ড্রাগন ফলসহ বিভিন্ন অপ্রচলিত ফসলের চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াজাত বাড়াতে কৃষকদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হবে। পার্বত্য চট্টগ্রাম ও উত্তরাঞ্চলের অনেক জেলাতে কাজু বাদাম, কফি প্রভৃতি চাষ সম্ভব। আন্তর্জাতিক বাজারে এগুলোর চাহিদা অনেক বেশি, দামও বেশি।
সেজন্য এসব ফসলের চাষাবাদ ও প্রক্রিয়াজাত বাড়াতে হবে। চাষাবাদের জমি বাড়ানোর সুযোগ খুব একটা নেই, বরং জমি দিন দিন কমে যাচ্ছে। সেজন্য একই জমিতে বারবার ফসল উৎপাদন করতে হবে, ফসলের নিবিড়তা বাড়াতে হবে এবং ফসলে বৈচিত্র্য আনতে হবে। প্রধানমন্ত্রী কৃষিকে বাণিজ্যিকীকরণ ও যান্ত্রিকীকরণে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কৃষিতে এ সরকারের এখন মূল লক্ষ্য হল খোরপোশের কৃষিকে বাণিজ্যিকীকরণ ও লাভজনক করা।
উপজেলা পর্যায়ে কৃষি কর্মকর্তাদের ডাবল কেবিন পিকআপ দিয়ে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে ‘কৃষক প্রশিক্ষণ (৩য় পর্যায়) প্রকল্পের’ মাধ্যমে বর্তমান অর্থবছরে প্রকল্পভুক্ত ৫১ উপজেলায় ৫১ ডাবল কেবিন পিকআপ সরবরাহ করা হয়েছে।
খাদ্য নিরাপত্তা অর্জনে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তার ও কৃষক প্রশিক্ষণের বিষয়টিকে গুরুত্ব বিবেচনা করে কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদফতর এ প্রকল্পটি ২০১৮ জানুয়ারি থেকে ২০২২ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে দেশের ৪৭ জেলার ১০৬ উপজেলায় ৩১৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়ন করছে।
বাংলানিউজসিএ/ঢাকা/ ২৬ জুন ২০২০ /এমএম





